ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ১২:২৩ পূর্বাহ্ণ
  • পেয়ার আলী, ব্যুরো প্রধান : ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে ট্রেনে কাটা পড়ে ফয়সাল (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
  • শনিবার (২১ নভেম্বর) দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় শিবগঞ্জ ডিগ্রি কলেজের পাশের রেললাইনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
  • নিহত ফয়সাল ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব পারপুগী গ্রামের বাসিন্দা। সে আলু ব্যবসায়ী মানিকের ছেলে। এলাকায় শান্ত, ভদ্র ছেলে হিসেবে পরিচিত ছিল ফয়সাল। তার এমন মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
  • স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে শিবগঞ্জের দিকে যাচ্ছিল ফয়সাল। শিবগঞ্জ ডিগ্রি কলেজের পাশের রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ট্রেন চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।
  • দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। মুহূর্তের মধ্যে সেখানে ভিড় জমে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।
  • খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
  • স্থানীয়রা জানান, শিবগঞ্জ ডিগ্রি কলেজের পাশের ওই রেললাইনটি বেশ ঝুঁকিপূর্ণ। দ্রুতগতিতে যানবাহন চলাচল ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। এ ঘটনার পর রেললাইন পারাপারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন