রাণীশংকৈলে নাশকতা মামলায় ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ১০:২৭ অপরাহ্ণ
- ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নাশকতা মামলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
- গ্রেপ্তারকৃতরা হলেন রাণীশংকৈল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার (৫০), বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান রঞ্জু (৪০) এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী আব্দুর রাজ্জাক (২৮)।
- পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, রাণীশংকৈল পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি মাহবুব আলম বাদী হয়ে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন, পৌর আওয়ামী লীগের সম্পাদক মহাদেব বসাক, সাবেক সম্পাদক সাধন বসাক এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানাসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।
- মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) রহমতুল্লাহ রনি অভিযান পরিচালনা করে ওই তিনজনকে গ্রেপ্তার করেন। পরে তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।