সাপাহারে আদিবাসী নারী নেত্রীদের হাতে মোবাইল ফোন তুলে দিয়ে সাংগঠনিক কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ৪:১৫ অপরাহ্ণ

শ্রী মিঠুন বারোয়ার, নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁর সাপাহারে জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ের আদিবাসী নারী নেত্রীদের মাঝে মোবাইল ফোন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনের যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা এবং নারী নেতৃত্বকে আরও সক্রিয় করতেই এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের কার্যালয়ে উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে শিরন্টি ইউনিয়ন জাতীয় আদিবাসী নারী পরিষদের পাঁচজন নেত্রীর হাতে একটি করে মোবাইল ফোন তুলে দেওয়া হয়।

কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। এতে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি স্বপন কুজুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন ও আবু হাসনাত রেজা। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় আদিবাসী নারী পরিষদের সভাপতি সুমিত্রা রাজপুর, সহ-সভাপতি রুমি পাহানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে স্বপন কুজুর বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে নারী নেত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই ইউনিয়ন পর্যায়ের নারী নেত্রীদের হাতে মোবাইল ফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সাংগঠনিক সিদ্ধান্ত, কর্মসূচি ও প্রয়োজনীয় তথ্য দ্রুত আদান-প্রদান করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে শিরন্টি ইউনিয়নের পাঁচজন নারী নেত্রীর হাতে মোবাইল ফোন বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সাপাহার উপজেলার ছয়টি ইউনিয়নের নারী পরিষদের নেত্রীদের মাঝেও মোবাইল ফোন বিতরণ করা হবে।

উপস্থিত নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি আদিবাসী নারীদের সাংগঠনিক অংশগ্রহণ ও নেতৃত্বের বিকাশে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংহত ও বেগবান হবে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন