ঠাকুরগাঁও প্রতিনিধি: চলছে অগ্রহায়ণ মাস, নবান্নের উৎসব। এসময় কৃষক-কৃষাণী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো ছুটে চলে জীবিকার তাগিদে মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে। কিন্তু উত্তরের জেলা ঠাকুরগাঁও হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় আগেভাগেই জানান দিয়েছে শীতের তীব্রতা। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে খেটে খাওয়া মানুষদের ভোগান্তিও শুরু হয়েছে |
বেশ কয়েকদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর থেকে ঘনকুয়াশার চাদরে ঢেকে গেছে রানীশংকৈল উপজেলা। ভোর থেকে চারদিকে ঘনকুয়াশা এবং হিমশীতল ঠান্ডা হাওয়া বইছে। এতে বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ।
তাপসী বালা জানান, “সবে মাত্র আমন কাটা শুরু হয়েছে। মানুষের জমিতে কাজ করে আয়-উপার্জন করে সংসার চালাই। কিন্তু আজকে প্রচন্ড কুয়াশা আর হিমশীতল ঠান্ডা হাওয়ার কারণে মাঠে কাজ করতে কষ্ট হচ্ছে।”
রানীশংকৈল উপজেলার ভ্যানচালক লাভলু জানান, “গত কয়েকদিন ধরে আবহাওয়া ঘোলাটে। এই প্রচন্ড কুয়াশার কারণে ভ্যান চালাতে কষ্ট হচ্ছে। ঘনকুয়াশার কারণে রাস্তায় লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। হিমশীতল ঠান্ডা হাওয়ার কারণে যাত্রীরাও আর ভ্যানে উঠতে চায় না। এতে আগের তুলনায় আয়-রোজগার কমে গেছে।”
অপরদিকে রানীশংকৈল উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রাস্তার আশপাশে খোলা বাজারে বিক্রি হচ্ছে শীতের কাপড়। আর এই খোলা বাজার থেকেই সাধারণত খেটে খাওয়া মানুষগুলো শীতের কাপড় কিনছেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ৯:৫৮ পূর্বাহ্ণ