টাকার বিনিময়ে ভোট বিক্রির কুফল তুলে ধরে রানীশংকৈলে সচেতনতামূলক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ৪:৪৩ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-২০২৭ উপলক্ষে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ২নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও পথসভার আয়োজন করেছে সচেতন নাগরিক সমাজ।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় সচেতন নাগরিক সমাজের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন এবং টাকার বিনিময়ে ভোট বিক্রি না করার আহ্বান জানান।

পরে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, টাকার বিনিময়ে ভোট বিক্রি করা মানে নিজের অধিকার বিক্রি করে দেওয়া। সামান্য টাকার লোভে অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলে আগামী ৫ বছর এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে হয়। একজন জনপ্রতিনিধি ভোট কেনার জন্য যে টাকা খরচ করেন, নির্বাচিত হওয়ার পর সেই টাকা তিনি সুদে-আসলে তুলে নেন। ফলে দুর্নীতি বাড়ে, সাধারণ মানুষের ভাগ্য বদলায় না।

বক্তারা আরও বলেন, ভোট একটি পবিত্র আমানত। টাকার কাছে নয়, যোগ্যতা, সততা ও এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ দেখে প্রার্থীকে বেছে নিতে হবে। সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হলে এলাকার উন্নয়ন নিশ্চিত হবে।

পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। তারা টাকার বিনিময়ে ভোট না দেওয়ার অঙ্গীকার করেন।

সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ জানান, নির্বাচন পর্যন্ত ধর্মগড় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ ধরনের সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন