মাদারীপুর সদর উপজেলার চরখাগদী এলাকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ির ৬-৭টি ফলন্ত গাছ কেটে নেওয়া এবং বাধা দিতে গেলে এক ব্যক্তির মা ও চাচিকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গোলামুর রহমান (পরাগ)।অভিযোগ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার চরখাগদী এলাকায় গোলামুর রহমানের সঙ্গে একই এলাকার আতাউর রহমান লিটন, প্রিন্স তালুকদার, উদয় তালুকদার ও নাইছ তালুকদারসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে পৈত্রিক বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে মাদারীপুর সদর জজ আদালতে দেওয়ানি মোকদ্দমা নম্বর ২৮৩/২০১৭ চলমান রয়েছে।অভিযোগে বলা হয়, গত ৬ নভেম্বর সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটের দিকে প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ বসতবাড়ির জায়গায় থাকা তাঁদের রোপণ করা মেহগনি, কাঁঠালসহ ৬-৭টি ফলন্ত গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায়। এসব গাছের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা বলে দাবি করেছেন অভিযোগকারী।এ সময় গোলামুর রহমান ও তাঁর সঙ্গে থাকা সাক্ষীরা গাছ কাটতে বাধা দিলে অভিযুক্তরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে রামদা, ছেনদা, চাইনিজ কুড়াল ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, গোলামুর রহমানের মা ও চাচি রাজিয়া বেগম তাঁদের বাঁচাতে এগিয়ে এলে অভিযুক্তদের একজন তাঁদের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। আহত দুজন বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া অভিযুক্তরা গাছপালা নিজেদের দাবি করে ভোগদখলের হুমকি দেন। একই সঙ্গে থানায় অভিযোগ করলে কোনো ক্ষতি করতে পারবে না এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন গোলামুর রহমান।ঘটনার পর স্থানীয়দের পরামর্শে তিনি মাদারীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ । ৪:১২ অপরাহ্ণ