রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খাসপুকুরপাড়ে বসবাসরত ভূমিহীনদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, নির্যাতনের প্রতিবাদ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে রাণীশংকৈল উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে র্যালি শেষে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খাসপুকুরপাড়ে বসবাসরত প্রায় চার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সম্পাদক ওসমান আলী, নির্যাতনের শিকার তাবারক আলী, সংগঠনের সদস্য মো. মানিক ও আমির হোসেনসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন, খাসপুকুরপাড়ে বসবাসরত ভূমিহীনদের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভূমিহীনদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে নির্যাতনের শিকার তাবারক আলী বলেন, গত মাসের শেষের দিকে তার ও তার পরিবারের সদস্যদের ওপর রাজনৈতিক নেতাকর্মীদের হামলা এবং পুলিশের নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় উল্টো তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা এবং ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং খাসপুকুরপাড়ে বসবাসরত ভূমিহীনদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ । ৬:১৮ অপরাহ্ণ