নেত্রকোণায় ব্যাটারিচালিত অটো ভ্যানগাড়ির গোপন চেম্বারে লুকিয়ে রাখা ৮৮ বোতল বিদেশী মদের চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জেলার পূর্বধলা থানার বাড়হা বোর্ড বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই মদের চালান জব্দ করা হয়। নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত মাদক কারবারির নাম মো. আনোয়ার হোসেন (৩৬)। তিনি জেলার দুর্গাপুর উপজেলার চন্দ্রকোনা গ্রামের আবু বক্করের ছেলে।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মাদকের বড় একটি চালান ওই এলাকা দিয়ে পাচার হতে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম বুধবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে পূর্বধলা থানাধীন বাড়হা বোর্ড বাজারস্থ মাসুম টেলিকমের সামনের রাস্তায় (জারিয়া থেকে শ্যামগঞ্জগামী পাকা সড়ক) অবস্থান নেয়।
এসময় সন্দেহভাজন ব্যাটারিচালিত একটি অটো ভ্যানগাড়ি সেখানে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি শুরু করেন অভিযানিক দলের সদস্যরা। প্রাথমিকভাবে ভ্যানগাড়িতে সন্দেহজনক কিছু চোখে না পড়লেও, পরবর্তীতে ব্যাপক তল্লাশিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর চিত্র। দেখা যায়, ভ্যানগাড়ির ড্রাইভিং সিটের নিচে এবং পেছনের অংশে অত্যন্ত সুকৌশলে গোপন একটি চেম্বার তৈরি করা হয়েছে, যার ভেতরে থরে থরে সাজানো রয়েছে ভারতীয় দামি মদের বোতল।
এই অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এর মধ্যে ভ্যানগাড়ির সিটের নিচ থেকে উদ্ধার করা হয় ৪৬ বোতল ‘আইকনিক হোয়াইট’ ব্র্যান্ডের মদ (প্রতিটি ৭৫০ মি.লি. করে ৩৪.৫ লিটার)। আর পেছনের গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয় ২২ বোতল ‘রয়েল স্ট্যাগ’ (১৬.৫ লিটার) এবং ২০ বোতল ‘ব্লেন্ডারস প্রাইড’ (১৫ লিটার) ব্র্যান্ডের মদ। মদের পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত অটো ভ্যানগাড়ি এবং আসামির ব্যবহৃত একটি ‘টিসিএল’ ব্র্যান্ডের মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করেছে ডিএনসি।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিএনসির পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেছেন।

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ । ২:১৭ পূর্বাহ্ণ