দুর্গাপুরে ১১০ বোতল মাদকসহ নারী আটক, পুলিশ দেখে পালালেন স্বামী

নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ । ১০:০৬ অপরাহ্ণ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে একটি বাড়ি থেকে মাদকসহ এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উপজেলার বারমারী লক্ষ্মীপুর এলাকায় বসতবাড়িতে মাদক কারবারের গোপন সংবাদ পেয়ে আজ সোমবার বেলা ৩টা ২০ মিনিটে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ১১০ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য এসকাফ সহ মোছা. আমেনা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করে পুলিশ।

সোমবার রাত পৌনে ৯টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আমেনা খাতুনের স্বামী আবুল কালাম কৌশলে পালিয়ে যান।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার (পশ্চিম) উপপরিদর্শক (এসআই) ইমন পাল ও এসআই মো. আরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বারমারী লক্ষ্মীপুর গ্রামে আমেনা খাতুনের বসতবাড়িতে হানা দেয়।

এসময় ঘর তল্লাশি করে ১১০ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য এসকাফ উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ী মোছা. আমেনা খাতুনকে হাতেনাতে আটক করা হয়। তবে ডিবির দলটি বাড়িতে পৌঁছালে অপর অভিযুক্ত আবুল কালাম কৌশলে সটকে পড়েন।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, আটককৃত নারী ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন