রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রণহাট্টা চৌরঙ্গী এলাকায় সম্পত্তির লোভে পাগল বানানোর চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পিতা আব্দুল কাদের।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাণীশংকৈল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৩৫ বছর ধরে তিনি সুনামের সঙ্গে জুয়েলারি ব্যবসা ও প্রাইভেটকার চালিয়ে আসছেন। বর্তমানে তিনি জুয়েলারি মালিক সমিতির সভাপতি। তার কোটি টাকার সম্পত্তির লোভে ছেলে মাসুদ রানা, স্ত্রী নাসিরুন, মেয়ে আদিরুন, আকসেমা ও জামাতা শাহজাহান কবির তাকে পাগল সাজানোর চেষ্টা করছে।
তার অভিযোগ, সম্পদ লিখে দিতে রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক রংপুর মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার এন্ড রিসার্চ সেন্টারে ২৮ দিন আটকে রাখা হয়।
তিনি দাবি করেন, তিনি শতভাগ সুস্থ। স্থানীয় ব্যবসায়ীরা তার পক্ষে গণস্বাক্ষর দিয়েছেন এবং চিকিৎসকের সনদেও তিনি সুস্থ প্রমাণিত।
এ ঘটনায় তিনি ঠাকুরগাঁও আদালতে মামলা করেছেন এবং জীবনের নিরাপত্তা ও দোষীদের শাস্তি দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ । ৬:১৯ অপরাহ্ণ