ঠাকুরগাঁওয়ে প্রেস কাউন্সিলের কর্মশালা নিয়ে বিতর্ক, জেলা প্রশাসকের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ । ১০:২৩ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা প্রতিনিধিদের বাদ দেওয়ার অভিযোগে জেলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ১৮ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার বিষয় ছিল “ডিজিটাল নিরাপত্তা, সাইবার অপরাধ প্রমাণ ও প্রাসঙ্গিক আইন সম্পর্কে সাংবাদিকদের সচেতনতা বৃদ্ধি”। আয়োজনে ছিল বাংলাদেশ প্রেস কাউন্সিল ও সহযোগিতায় ছিল জেলা প্রশাসন।

তবে অভিযোগ উঠেছে, জেলার ৫টি উপজেলার মধ্যে ৪টি উপজেলার মূলধারার সাংবাদিকদের এ কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়নি।

অভিযোগকারীরা হলেন- রাণীশংকৈল উপজেলা থেকে দৈনিক জনবাণীর প্রতিনিধি মো. পেয়ার আলী, পীরগঞ্জ উপজেলা থেকে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি আওলাদ হোসেন লিটন, বালিয়াডাঙ্গী উপজেলা থেকে দৈনিক করতোয়ার প্রতিনিধি মো. রমজান আলী ও হরিপুর উপজেলা থেকে দৈনিক বাংলার দূতের প্রতিনিধি সিরাজুল ইসলাম।

তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করে আসছেন এবং প্রেসক্লাবের সদস্য। কিন্তু এবারের তালিকায় তাদের নাম রাখা হয়নি। ফলে তারা গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ থেকে বঞ্চিত হয়েছেন।

এ বিষয়ে রাণীশংকৈলের সাংবাদিক পেয়ার আলী বলেন, “সাইবার আইন সম্পর্কে সবচেয়ে বেশি জানা দরকার আমাদের মতো উপজেলা পর্যায়ের সাংবাদিকদের। অথচ আমাদেরই বাদ দেওয়া হলো।”

পীরগঞ্জের আওলাদ হোসেন লিটন বলেন, “আমরা তথ্য অফিসে নিয়মিত যোগাযোগ রাখি। তারপরও কেন বাদ পড়লাম বুঝতে পারছি না।”

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক জানান, *”পর্যায়ক্রমে সব সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় ডাকা হবে। আসলে তথ্য অফিস থেকেই এগুলো নাম দেওয়া হয়।”*

তিনি আরও বলেন, এটি চলমান প্রক্রিয়ার প্রথম ধাপ। পরবর্তী ধাপে বাদ পড়া সাংবাদিকদের অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হবে। তথ্য অফিসের সরবরাহকৃত তালিকা অনুযায়ীই এবারের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, এখানে প্রশাসনের কোনো হাত নেই।

জেলা প্রশাসকের এমন বক্তব্যের পর অভিযোগকারী সাংবাদিকরা সন্তোষ প্রকাশ করে বলেন, তারা আশা করেন পরবর্তী কর্মশালায় উপজেলা পর্যায়ের সকল বৈধ সাংবাদিকদের অন্তর্ভুক্ত করে বৈষম্য দূর করা হবে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন