পীরগঞ্জে দুর্গাপূজায় সীমান্তে নিরাপত্তা জোরদার, পূজামণ্ডপে বিজিবির সতর্ক টহল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ । ৯:০৬ অপরাহ্ণ

আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর, সুষ্ঠু ও সম্প্রীতিময় পরিবেশে উদযাপনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সীমান্ত সংলগ্ন পূজামণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

​শুক্রবার (১৬ অক্টোবর) দিনব্যাপী দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনস্থ সীমান্ত এলাকার অংশ হিসেবে পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের দেওদা কানারী পূজামণ্ডপসহ পার্শ্ববর্তী বিভিন্ন পূজামণ্ডপে বিজিবির বিশেষ টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।
​স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত ঘেঁষা এলাকা হওয়ায় এসব পূজামণ্ডপে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ভক্ত ও দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যে সতর্ক অবস্থানে রয়েছে ৪২ বিজিবির সদস্যগণ। নিয়মিত টহলের পাশাপাশি মণ্ডপগুলোর আশপাশে নজরদারি বাড়ানো হয়েছে।
​নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে দিহানগর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম জানান, “শারদীয় দুর্গাপূজা আবহমান বাংলার দীর্ঘদিনের সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। মণ্ডপগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা করা এবং সনাতন ধর্মাবলম্বী নাগরিকেরা যেন ভয়হীন ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতেই বিজিবির এই সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।” পূজার শেষ দিন পর্যন্ত বিজিবির এই সতর্ক নজরদারি ও টহল বজায় থাকবে বলেও জানান তিনি।
​এদিকে সীমান্তে বিজিবির এমন তৎপরতা ও কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের ফলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন