ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আদিবাসী লেখক ও সমাজসচেতন তরুণ শান্ত পাহান তার ব্যবহৃত ফেসবুক আইডি হ্যাক ও অননুমোদিতভাবে ব্যবহারের আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনায় থানায় জিডি নং-৪৮১ করা হয়েছে।
জিডির আবেদনে শান্ত পাহান উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে দেশের সাধারণ মানুষের পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, অধিকার, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক বৈষম্য ও নানা দাবি-দাওয়ার বিষয় তুলে ধরে লেখালেখি করে আসছেন।
তিনি জানান, আজ ৯ সেপ্টেম্বর আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে তার ফেসবুক অ্যাকাউন্টে অননুমোদিতভাবে প্রবেশ বা হ্যাক করার চেষ্টা হয়েছে বলে তার আশঙ্কা হয়। এরপর থেকেই নিজের ফেসবুক আইডির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি।
জিডিতে আরও উল্লেখ করা হয়, তার ফেসবুক আইডি ব্যবহার করে ভবিষ্যতে কেউ কোনো ধরনের বিভ্রান্তিকর, অনাকাঙ্ক্ষিত বা আইনবিরোধী পোস্ট, মন্তব্য কিংবা কর্মকাণ্ড পরিচালনা করলে তার দায়ভার যেন শান্ত পাহানের ওপর না পড়ে। এ কারণে বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
শান্ত পাহান বলেন, “আমি দেশের সাধারণ মানুষের পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে নিয়মিত লেখালেখি করি এবং ফেসবুকের বিভিন্ন গ্রুপে সেগুলো তুলে ধরি। আমার আইডি হ্যাক বা অন্য কেউ অপব্যবহার করলে এতে আমার সামাজিক ও ব্যক্তিগতভাবে ক্ষতি হতে পারে। তাই আগাম সতর্কতা হিসেবে থানায় জিডি করেছি।”
তিনি আরও বলেন, তার ফেসবুক আইডিতে অন্য কেউ প্রবেশ করে কোনো পোস্ট, মন্তব্য বা কার্যক্রম পরিচালনা করলে সেটি তার নিজের করা নয়। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে তার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:১০ অপরাহ্ণ