ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় খালের পানিতে ডুবে সাম নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের খাগরতলা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশু সাম ওই গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে শিশু সাম বাড়ির আশপাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে নোনার খালের পানিতে পড়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে খালের পানিতে শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়। তবে পানি থেকে তুলে আনার পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
মাত্র চার বছরের শিশু সামের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো বাড়ির পরিবেশ। এ ঘটনায় খাগরতলা গ্রামজুড়েও শোকের আবহ বিরাজ করছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ । ৮:০৬ অপরাহ্ণ