ভেঙে গড়ার প্রত্যয়
✍🏻 মিলন মার্ডী
আমাকে ভাঙতে বসে যখন দেখলাম,
তুমি ভীষণ রকম চেষ্টায় মেতেছো,
তখনও আমিও ফিরে দাঁড়ানোর
চেষ্টায় ছিলাম।
কিন্তু বারবার যখন দেখলাম,
তুমি ক্লান্ত নও,
তখন নিজেকে শূন্য করতে বসলাম-
পাছে আমাকে ভাঙতে গিয়ে
তুমি নিজেকে গড়তে পারো।
গড়তে পারো
অর্ধভেঙে যাওয়া প্রাসাদ
নতুন রূপে গড়ে তুলতেই।
আমার ভেঙে যাওয়ার সূত্র যদি
তোমাকে বিনির্মাণের
অনুপ্রেরণা জোগায়,
তবেই আমি ধন্য-
ধন্য আমার ভেতরে থাকা সত্তা।
আমি আর ফিরে দাঁড়াতে চাই না,
চাই না আমার অপচেষ্টা
বারবার তোমাকে আঘাত হেনে
ক্ষতবিক্ষত লাশ করে ফেলুক।
আমি চাই না কখনো
মৃত লাশের মাঝে লাশ হয়ে থাকতে।
বরং এই ভালো-আমাকে ভেঙে
নিজেকে গড়ো নতুন রূপে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ । ৯:৪৪ অপরাহ্ণ