মাদারীপুরে নিষিদ্ধ সংগঠনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, কাউন্টার থেকে ব্যানার-ফেস্টুন উদ্ধার

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধ
প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ । ৫:৫৯ অপরাহ্ণ

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ প্রদর্শনের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরবর্তীতে একটি পরিবহন কাউন্টার থেকে রাষ্ট্রবিরোধী স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন উদ্ধার করেছে পুলিশ।

‎​পুলিশ সূত্রে জানা গেছে, মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতা হাসিব হাওলাদারের নেতৃত্বে একদল লোক একত্র হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়। পুলিশের গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই উপস্থিত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়।

‎​পরবর্তীতে তল্লাশি চালিয়ে মস্তফাপুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হাসিব হাওলাদারের মালিকানাধীন ‘শ্যামলী পরিবহন’-এর কাউন্টারের ভেতর থেকে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন জব্দ করা হয়। অভিযুক্ত হাসিব হাওলাদার মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এবং মস্তফাপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন। তিনি মস্তফাপুরের বড়মেহের এলাকার মৃত মাওলা হাওলাদারের ছেলে।

‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে জড়িতরা সটকে পড়ে। উদ্ধার করা ব্যানার ও ফেস্টুন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন