বরগুনা জেলা পুলিশের বিশেষ অভিযানে নগদ ৯.৩০ লাখ টাকা ও ১৪.১১ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ৭:৫৮ অপরাহ্ণ

 

বরগুনা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বরগুনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ, স্বর্ণালংকার ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ চোরাই সন্দেহভাজন মালামাল উদ্ধার করা হয়।

অভিযানকালে মোসা. খাদিজা (৪০) ও মোসা. মরিয়ম (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় আরও দুইজন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, বিভিন্ন ধরনের মোট ৬ ভরি ১১ আনা ৫ রতি স্বর্ণালংকার, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১১ হাজার টাকা, এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও চোরাই মালামাল উদ্ধার এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় বরগুনা থানায় পেনাল কোড, ১৮৬০-এর ৩৭৯/৪১৩/৪১৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন