দিনাজপুরে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান।
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার রংপুরের সংবাদ পাঠক মুনিরা শাহনাজ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মোহাম্মদ তানভীর ইসলাম নাহিদ, দিনাজপুর সদর রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বৃক্ষমেলায় অংশগ্রহণকারী সেরা তিনটি নার্সারি প্রতিষ্ঠান হিসেবে প্রথম হয় বেস্ট কেয়ার এগ্রো, ২য় রানা নার্সারি ও ৩য় ইলিয়াস নার্সারি-কে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। এছাড়া বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, গত ১৬ জুলাই বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সূচনা হয়। পরে ফিতা কেটে এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সাত দিনব্যাপী এ মেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৩৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

মাসুদুর রহমান, প্রতিনিধি দিনাজপুর
প্রকাশের সময়: রবিবার, ২ আগস্ট, ২০২৬ । ৬:২২ অপরাহ্ণ