গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়ি লক্ষ্য করে হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ । ৫:১৭ অপরাহ্ণ

ছাত্রদল হামলার অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তখনও পাওয়া যায়নি।

প্রতিবেদন: গোলজার হোসেন | ক্রাইম রিপোর্টার

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বহনকারী একটি গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে একটি মতবিনিময় সভা শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গাড়িটি লক্ষ্য করে বোতল ও পাথর নিক্ষেপ করা হলে গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। তবে ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সারজিস আলমকে নিরাপদে সিলেট শহরের দিকে নিয়ে যায়।

এদিকে সারজিস আলম অভিযোগ করেন, ছাত্রদলের সমর্থকেরা তার গাড়িবহরে হামলা চালিয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


✍️ গোলজার হোসেন
ক্রাইম রিপোর্টার

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন