রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পদমপুর মৌজায় আদালতের রায় উপেক্ষা করে একটি জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে হামলার শিকার হয়ে একজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন জমির মালিক মো. বারকাত আলী।
লিখিত অভিযোগে বারকাত আলী জানান, উপজেলার পদমপুর মৌজার জে.এল. নং-১০২, খতিয়ান নং-১২৬ ও দাগ নং-১১২৬-এর ৭৫ শতক জমির তিনি বৈধ মালিক। প্রায় ৫০ বছর ধরে তিনি জমিটি ভোগদখলে রয়েছেন। জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চললেও একাধিক মামলায় তিনি রায় পেয়েছেন বলে দাবি করেন।
অভিযোগ অনুযায়ী, গত ৪ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে বসন্ত রায়, ধনেশ্বর রায়, অতুল চন্দ্র রায়, সৌরভ চন্দ্র রায়, আসানন্দ চন্দ্র রায়, নরেশ চন্দ্র রায়, নিতাই চন্দ্র রায়, ভেলুয়াসহ ৪০ থেকে ৫০ জন ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ওই জমিতে জোরপূর্বক প্রবেশ করে দখলের চেষ্টা করেন। এ সময় বারকাত আলী বাধা দিলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় তাঁকে রক্ষা করতে গেলে তাঁর ভাতিজা মো. সাহেবের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলায় তাঁর দুই পা, বাম হাতের কব্জি ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় বাসিন্দা মো. আনিকুল ও মো. জাকিরসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, হামলার পর অভিযুক্ত ব্যক্তিরা প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জমি-সংক্রান্ত বিরোধ থাকলে আদালতের নির্দেশনা অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই।”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ৫:৫২ অপরাহ্ণ