মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন, র্যালি, ভিডিও শো ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় কাজীবাকাই ইউনিয়ন পরিষদের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদার।
অনুষ্ঠানে চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদার বলেন, গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তি করা সম্ভব। তিনি স্থানীয় জনগণকে আদালত বা থানামুখী না হয়ে ছোটখাটো বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে সমাধানের আহ্বান জানান।
তিনি আরও জানান, গ্রাম আদালত সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে। ফৌজদারি মামলার জন্য ১০ টাকা এবং দেওয়ানি মামলার জন্য ২০ টাকা ফি নির্ধারিত রয়েছে। এর বাইরে কোনো অতিরিক্ত খরচ নেই।
এ সময় ডাসার ও কালকিনি উপজেলার গ্রাম আদালত সমন্বয়কারী নাসির উদ্দিন লিটন গ্রাম আদালতের আইন, বিধি ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র্যালি পাওয়ার হাউস বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো প্রদর্শন এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. জসিম মিয়া, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. সাহাবুদ্দিন, নারী সদস্যসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ জনগণ।

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধ
প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬ । ৯:০৩ অপরাহ্ণ