মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের আলীপুর বাজারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বাদ মাগরিব, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় এ ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
ভিডিও প্রদর্শনীর উদ্বোধন করেন পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেয়ামুল আকন। এ সময় তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে অনধিক তিন লাখ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করা যায়। ফৌজদারি মামলার জন্য মাত্র ১০ টাকা এবং দেওয়ানি মামলার জন্য ২০ টাকা ফি নির্ধারিত রয়েছে। এর বাইরে কোনো অতিরিক্ত খরচ নেই।
তিনি আরও বলেন, ছোটখাটো বিরোধ নিয়ে থানা বা আদালতে না গিয়ে গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত, সহজ ও কম খরচে সমাধান পাওয়া সম্ভব। তাই এ ধরনের বিরোধ দেখা দিলে সবাইকে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত জনগণকে অবহিত করা হয়। আয়োজকরা জানান, গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে মানুষকে উদ্বুদ্ধ করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ । ৭:৩৪ পূর্বাহ্ণ