খেলাধুলার প্রসারে বিএনপি সরকারের উদ্যোগের প্রশংসা করলেন এমপি খোকন তালুকদার

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধ
প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬ । ৮:০৭ অপরাহ্ণ

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, বিএনপি সরকার গঠনের পর দেশের শিক্ষার্থীদের মাঠমুখী করতে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।

‎শুক্রবার (৫ জুন) বিকেলে ডাসার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ডি কে আইডিয়াল আতাহার আলী একাডেমি স্কুল মাঠে অনুষ্ঠিত “খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎এমপি খোকন তালুকদার বলেন, “আমাদের সন্তানরা ক্রিকেট ও ফুটবলে বিশ্বমানের সাফল্যের স্বপ্ন দেখে। ফুটবলে বাংলাদেশ যেন একদিন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, সে লক্ষ্যেই সারা দেশে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এসব প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে।”

‎ফাইনাল খেলায় ডাসার সবুজ সংঘ ও আরিফ স্মৃতি সংঘ অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ডাসার সবুজ সংঘ ৪-৩ গোলে আরিফ স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার নুরু এবং ডাসার উপজেলা বিএনপি নেতা সরোয়ার তালুকদার।

‎এছাড়া অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মহিউদ্দিন তালুকদার ইরান, আমির হোসেন, রুবেল মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খেলা উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

‎

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন