মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডে কৃষকদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে জেলা তথ্য অফিস, মাদারীপুরের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবাংশু দাস। বিশেষ অতিথি ছিলেন রুবেল মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন।
সমাবেশে বিশেষভাবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলার গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন। তিনি উপস্থিত কৃষকদের মাঝে গ্রাম আদালত সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও বিচার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
নাসির উদ্দিন লিটন বলেন, ইউনিয়ন পরিষদে পরিচালিত গ্রাম আদালত সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে। তিনি সাধারণ মানুষকে ছোটখাটো বিরোধের ক্ষেত্রে থানা বা আদালতে না গিয়ে গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত, সহজ ও স্বল্প খরচে ন্যায়বিচার পাওয়ার সুযোগ গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও জানান, গ্রাম আদালতে দেওয়ানি মামলার আবেদন ফি মাত্র ২০ টাকা এবং ফৌজদারি মামলার আবেদন ফি ১০ টাকা। এর বাইরে কোনো অতিরিক্ত খরচ নেই। গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশে বালিগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন। বক্তারা গ্রামীণ পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকারিতা তুলে ধরে এর প্রচার-প্রচারণা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ । ৭:৫২ অপরাহ্ণ