ডাসারে গ্রাম আদালতের নথি ও রেজিস্টার পরিদর্শন করলেন নবাগত জেলা প্রশাসক মর্জিনা আক্তার ‎

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধ
প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬ । ৮:২১ অপরাহ্ণ

মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের গ্রাম আদালতের নথি ও রেজিস্টার পর্যবেক্ষণ করেছেন জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিস্ মর্জিনা আক্তার। আজ শনিবার (২৩ মে) দুপুর ১২:৪০ মিনিটে তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

‎​পরিদর্শনকালে জেলা প্রশাসক ডাসার ইউনিয়নের বিগত ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস হতে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত চলমান ও সম্পন্ন হওয়া মামলার হালনাগাদ তথ্য পর্যালোচনা করেন।

‎​নথি সূত্রে জানা যায়, উল্লিখিত সময়ে ডাসার ইউনিয়নে সরাসরি মামলা দায়ের হয়েছে ৭৮টি এবং উচ্চ আদালত থেকে এসেছে ৪টি। অর্থাৎ সর্বমোট ৮২টি মামলার সবকটিই (৮২টি) সফলভাবে নিষ্পত্তি হয়েছে। এখানে কোনো মামলা বাতিল বা খারিজ হয়নি। এছাড়া গ্রাম আদালতের মাধ্যমে সর্বমোট ৫০ লাখ ৫৯ হাজার টাকা জমির পরিবর্তে অর্থ হিসেবে আদায় করা হয়েছে। শতভাগ মামলা নিষ্পত্তির এই চিত্র দেখে জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন।

‎​তবে সন্তোষ প্রকাশের পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করার তাগিদ দিয়ে জেলা প্রশাসক বলেন:

‎​গ্রাম আদালতে মামলার আবেদন এবং নিষ্পত্তির সংখ্যা আরও বাড়াতে হবে। সাধারণ মানুষ যেন গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে, সে জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন।”

‎​তিনি বিগত এপ্রিল মাসে ৩টি মামলা নিষ্পত্তি হওয়ার বিষয়টি উল্লেখ করে আরও বলেন, প্রচারণার স্বার্থে প্রয়োজনে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের মাধ্যমে স্থানীয় হাট-বাজার, মসজিদ ও মন্দিরে গ্রাম আদালত সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে।

‎​আইনি শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, গ্রাম আদালতের এখতিয়ারাধীন কোনো মামলা বাইরে সালিশ-মীমাংসা করা যাবে না; কারণ সালিশের কোনো স্থায়ী আইনি ভিত্তি নেই। তিনি বাধ্যতামূলকভাবে এজলাসে বসে শুনানি করার এবং গ্রাম আদালতের এজলাসের সঠিক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন। কম খরচে ও অল্প সময়ে যে গ্রাম আদালতে ন্যায়বিচার পাওয়া সম্ভব এই বার্তাটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।

‎​উক্ত পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন:

‎​ডাসার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব জাকিয়া সুলতানা।

‎​ডাসার ইউনিয়নের চেয়ারম্যান জনাব রেজাউল করিম শিকদার।

‎​গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন।

‎​ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুশান্ত।

‎​হিসাব সহকারী শাহাবুদ্দিন বাবু।

‎​এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ (মেম্বার), গ্রাম পুলিশ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন