মাদারীপুরের কালকিনি উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে সকাল ১০টায় কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প’-এর সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফিনের সভাপতিত্বে কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে মূল বিষয়বস্তু ও বিগত ৩ মাসের মামলার চিত্র উপস্থাপন করেন ডাসার ও কালকিনি উপজেলার গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী নাসির উদ্দিন লিটন।
উপস্থাপিত তথ্যে জানানো হয়, বিগত জানুয়ারি ২০২৬ হতে মার্চ ২০২৬ পর্যন্ত কালকিনি উপজেলার ১০টি ইউনিয়নে সরাসরি ৬৪টি এবং উচ্চ আদালত থেকে ০২টিসহ মোট ৬৬টি মামলা দায়ের হয়। দায়েরকৃত ৬৬টি মামলাই কোনো বাতিল বা খারিজ ছাড়াই সফলভাবে নিষ্পত্তি হয়েছে। এর মাধ্যমে মোট ১৫ লক্ষ ৮৪ হাজার টাকা অর্থ আদায় করা সম্ভব হয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন বলেন, “গ্রাম আদালতে অল্প সময়ে এবং স্বল্প খরচে সাধারণ মানুষ ন্যায়বিচার পায়। এই আদালতের সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে মাঠ পর্যায়ের সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” তিনি এনজিও প্রতিনিধিদের গ্রাম আদালতের লিফলেট নিয়ে বিভিন্ন নিজস্ব কর্মসূচিতে প্রচার করার এবং সাংবাদিকদের মাঠ পর্যায়ের প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান।
কর্মশালায় বক্তারা সামাজিক শান্তি বজায় রাখতে এবং সামাজিক বিরোধ দ্রুত নিষ্পত্তিতে ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও স্থানীয় জনপ্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি থানার ওসি (তদন্ত) অরবিন্দ বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুল আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউনুস আলীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইমাম, পুরোহিত, তথ্য আপা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ । ৮:৪৮ পূর্বাহ্ণ