দিনাজপুরে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে দিনাজপুর শহরের একাডেমি স্কুল এলাকা থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মর্ডান মোড়, বিএনপির প্রধান কার্যালয় ও লিলি মোড় হয়ে সদর হাসপাতাল মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করেই একক সিদ্ধান্তে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তারা বলেন, “দুর্দিনে যারা জুলুম-নির্যাতন ও নানা প্রতিকূলতা সহ্য করে ছাত্রদলের রাজনীতি করেছে, তাদের কি কমিটিতে থাকার মতো কোনো যোগ্যতা নেই?”
বক্তারা আরও বলেন, পূর্বের কমিটির সঙ্গে কোনো ধরনের সমন্বয় না করে নতুন কমিটি গঠন করা আইনসম্মত ও যুক্তিসঙ্গত নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং পূর্বের কমিটির সঙ্গে সমন্বয় করে নতুন করে কমিটি ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মুনতাছির মিনার, জেলা ছাত্রদলের কর্মী ও আহ্বায়ক প্রার্থী শাহ নেওয়াজ হ্যাপি, পৌর ছাত্রদলের সদস্য সচিব শোয়ানুর রহমান শোহান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসির হাসান রিসান, ১ নম্বর সদস্য প্রমি, জেলা ছাত্রদলের প্রার্থী শাওন সরকারসহ আরও অনেকে।
কর্মসূচি সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নুর ইসলাম।

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ । ৯:৩৭ অপরাহ্ণ