স্টাফ- রিপোর্টার: ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে একটি মুরগির ফার্মে খাবার গ্রহণের পর দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে ৩৫ জনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি শ্রমিকরা স্থানীয় ক্লিনিক ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের খচা বাড়ি হাট এলাকার দক্ষিণ পাশে অবস্থিত নথ এগ্রো লিমিটেডের ফার্মে কর্মরত স্থায়ী ও অস্থায়ী শ্রমিকরা গতকাল দুপুরে একসঙ্গে খাবার গ্রহণ করেন। খাবার গ্রহণের কিছু সময় পরই একাধিক শ্রমিকের মধ্যে পাতলা পায়খানা, পেটব্যথা ও বমির মতো উপসর্গ দেখা দেয়।
অল্প সময়ের মধ্যেই অসুস্থদের সংখ্যা বাড়তে থাকলে তাদের দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রসহ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। ভর্তি রোগীদের মধ্যে কয়েকজনের অবস্থা তুলনামূলক গুরুতর হলেও চিকিৎসকদের মতে অধিকাংশই শঙ্কামুক্ত।
চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এ ঘটনা ঘটেছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে পুরো এলাকায় এ ঘটনার পর চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ । ১১:০৬ অপরাহ্ণ