মাদারীপুর সদর-২ সংসদীয় আসনের (রাজৈর-মাদারীপুর) সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছেন। নির্বাচিত হওয়ার পর থেকেই বাজার মনিটরিংয়ে তার নিরলস তৎপরতা মাদারীপুরবাসীর মাঝে আস্থার সৃষ্টি করেছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (৪ মার্চ) দুপুরে মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র পুরান বাজার এলাকায় সরেজমিনে বাজার তদারকি করেন তিনি। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক-আশাকের দাম নিয়ন্ত্রণে রাখতে এ বিশেষ অভিযান চালানো হয়।
যৌথ অভিযান: অভিযানে এমপির সাথে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (এডি) সুচন্দন মন্ডল এবং কৃষি বিপণন কর্মকর্তা রুবেল মিয়া।
জরিমানা ও সতর্কতা: অতিরিক্ত মূল্য রাখা ও ব্যবসায়িক অনিয়মের দায়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের মাধ্যমে বেশ কয়েকজন ব্যবসায়ীকে নগদ অর্থ জরিমানা করা হয়। ভবিষ্যতে একই অপরাধ করলে আরও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়।
নিয়মিত এই মনিটরিংয়ের ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে।

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬ । ১১:২৪ অপরাহ্ণ