সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ । ৬:৩০ অপরাহ্ণ

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের মামলায় তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় সুলতানা পারভীন জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন আবেদন করেন। কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাংবাদিক আরিফুল ইসলাম রিগান ২০২০ সালে জেলা প্রশাসনের একটি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশ ও নানা অনিয়ম নিয়ে অনুসন্ধান করায় সে বছরের ১৩ মার্চ মধ্যরাতে তার বাসায় অভিযান চালানো হয়। তাকে চোখ বেঁধে তুলে নিয়ে ক্রসফায়ারের হুমকি দেয়া হয়। ডিসি অফিসে এনে নির্মম নির্যাতন করেন জেলা প্রশাসনের তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা।

সাংবাদিক রিগানের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে ওই রাতেই তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়।

সাংবাদিককে তুলে নিয়ে নির্মম নির্যাতন ও সাজা দেওয়ার ঘটনায় সারা দেশে নিন্দার ঝড় ওঠে।

কারামুক্ত হয়ে সাংবাদিক রিগান জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। এই মামলায় সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পান ডিসি সুলতানা পারভীন। তবে স্থায়ী জামিন পাবার জন্য মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসেন তিনি।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন কুড়িগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন