দিনাজপুরের রানীগঞ্জ বাজারের কালু হাজি রাইস মিল চাতালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে নাঈমুল ইসলাম শুভ (২৭)। পেটে স্টেপে আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কা জনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
এই ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামুন (৫০) সজীব (২৩) ও সাইফুল আহমেদ (৪৮) কে গ্রেফতার করেছে।
আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আটক তিনজনকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন— ফিরোজ আলম (৪০), দিনাজপুর সদরের নসিপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে এবং জাহিদ ইকবাল (৪৫), সদর উপজেলার রানীগঞ্জ বাজার সংলগ্ন হাজীপাড়ার নুরুল করিম মাস্টারের ছেলে। আহত দুইজন মামা-ভাগিনা।
প্রত্যক্ষদর্শী ও ফাজিলপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া জানান, মঙ্গলবার দিন গত রাতে রানীগঞ্জ বাজারের কালু হাজির মিল চাতালে কয়েকজন দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে নাঈমুল ইসলাম শুভ হঠাৎ পকেট থেকে ক্রিস বা টিপ ছুরি বের করে ফিরোজ আলমের পেটে আঘাত করে, যাতে তার নাড়িভুঁড়ি বের হয়ে আসে। ফিরোজের মামা জাহিদ ইকবাল তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও একইভাবে পেটে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের গামছা দিয়ে পেট বেঁধে দ্রুত অটোরিকশায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রাতেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তাদের অস্ত্রোপচার করা হয়। তবে বুধবার সকালেই অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান বলেন, “দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাদেরকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।”
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরুজ্জামান জানান, তারা এজাহারনামীয় আসামি। তবে মূল অভিযুক্ত নাঈমুল ইসলাম শুভ পলাতক। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সাজু আহমেদ বাদী হয়ে হত্যা প্রচেষ্টা ও অন্যান্য ধারায় মামলা দায়ের করেছেন। দ্রুত সময়ের মধ্যেই স্টেপ কারী মূল আসামি নাঈমুল ইসলাম শুভকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ । ৯:১৮ অপরাহ্ণ