ঢাকার চকবাজার ও খুলনার দৌলতপুরে সংঘটিত দুই খুনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এ সময় ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’, ‘গুপ্ত বাহিনী যেখানে, লড়াই হবে সেখানে’, ‘মুজিববাদ যেখানে, লড়াই হবে সেখানে’, ‘এ লড়াইয়ে জিতবে কারা, শহীদ জিয়ার সৈনিকেরা’, ‘শিক্ষা, ঐক্য, প্রগতি—ছাত্রদলের মূলনীতি’, ‘আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’—এমন বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন, ৫ আগস্টের পর থেকে দেশের ইন্টারিম সরকারের অধীনে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে। যেকোনো জায়গায় একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্পষ্টভাবে জানাতে চাই—এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকেই এর জবাব আদায় করে নেবে। তারেক রহমানকে ঘিরে যেসব মিথ্যাচার এবং অপপ্রচার করা হচ্ছে, মানুষ তা বুঝতে পারছে। এর আগেও বহু হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু তখন আপনাদের কাউকে রাজপথে দেখা যায়নি। রাজনীতি করতে হলে সুষ্ঠু ও গণমুখী রাজনীতি করুন।’
এ সময় রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী বলেন, ‘খুলনার যুবদল নেতাকে রগ কেটে হত্যা করা হয়েছে—এটি নিজেই প্রমাণ করে দেয়, এই কাজ কারা করেছে। খুনিরা এখন ঢাকার আকাশ-বাতাসে “চাঁদাবাজ” বলে চিৎকার করছে। এটি আসলে তাদের পরিকল্পনারই অংশ। এখন তারা যুবদল ও ছাত্রদলের নামে অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘আমরা যখন “রাজাকার” বলি, তখন একটি দল চটে ওঠে। আমরা তাদের বলতে চাই—তারা কি ৭১-এর গণহত্যাকে অস্বীকার করেন? জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের ভুল-ত্রুটি অস্বীকার করে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে আমাদের নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এটা প্রমাণ করে দেয়—তাদের জন্মই সন্দেহজনক। ছাত্রদল যদি ক্ষিপ্ত হয়, তবে গুপ্ত বাহিনী এ দেশে পালানোর জায়গা পাবে না।’
বিক্ষোভ মিছিলে রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন হল ও অনুষদের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মীর তুহিন, রাবি
প্রকাশের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫ । ৭:০৫ অপরাহ্ণ