কচাকাটায় নাশকতা বিরোধী অভিযানে আওয়ামীলীগের ২জন সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১০ মে, ২০২৫ । ৬:৫৭ অপরাহ্ণ

কুড়িগ্রাম জেলার প্রস্তাবিত কচাকাটা উপজেলায় নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৮ মে) রাত আনুমানিক ৩ ঘটিকার সময় নাগেশ্বরী উপজেলার প্রস্তাবিত কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের গত ২৪ ঘন্টায় নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে বিগত সময়ে কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় কচাকাটা থানাধীন বল্লভেরখাস ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ (৩২) ও একই ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় সদস্য মিজানুর রহমান মাষ্টার (৪২) কে বিভিন্ন মামলা মূলে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন কুড়িগ্রামে গতকাল ৮ মে রাত ও গতকাল ৯ মে সকাল পর্যন্ত চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মোট ০৪ জন ফ্যাসিস্টকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন