নেত্রকোণায় পরকীয়ার জেরে নারীকে হত্যার ঘটনায় একজনের মৃত্যুদন্ডাদেশ

মামুন রণবীর | নেত্রকোণা
প্রকাশের সময়: রবিবার, ৪ মে, ২০২৫ । ১১:৫৪ অপরাহ্ণ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার রাত্রা গ্রামে আড়াই বছর আগে পরকীয়া প্রেমের জেরে খুন হয়েছিলেন কমলা খাতুন (২৬) নামে এক নারী। এই হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৪ মে) বিকালে নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- জেলার পূর্বধলা উপজেলার আগিয়া গ্রামের চান মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩৩)। একই রায়ে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

মামলা সূত্রে জানা যায়, তালাকপ্রাপ্ত নারী কমলা খাতুনের সঙ্গে আসামী নিজাম উদ্দিনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। কমলা খাতুন বিয়ের জন্য চাপ দিলে ২০২২ সালের ১৯ নভেম্বর আসামি নিজাম উদ্দিন কমলা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। এ ঘটনায় কমলার ভাই মো. নিজাম উদ্দিন বাদি হয়ে মামলা করে। পুলিশ তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ আগস্ট নিজাম উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে হাজির ছিলেন। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি আবুল হাসেম। আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন