চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা। আজ রবিবার (৩০ মার্চ ২০২৫) সকাল ৮টায় ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিনোদপুর ইউনিয়নের কিছু ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা ও ঈদ উদযাপন করে আসছেন। এরই ধারাবাহিকতায়, এবারও তারা একদিন আগে ঈদুল ফিতর উদযাপন করেছেন।
ঈদের নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজে এলাকার শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপনের একটি প্রচলন রয়েছে। তবে বেশিরভাগ মুসল্লি সরকার ঘোষিত তারিখ অনুযায়ী ঈদ উদযাপন করেন।

জহিদুল্লাহ খান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ । ১২:১১ অপরাহ্ণ