শেরপুরে চোরাই পণ্যসহ কারবারি আটক

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ । ১১:০২ অপরাহ্ণ

শেরপুরে চোরাই পণ্যসহ এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখার এক অভিযানে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড় থেকে শনিবার (১৫ই মার্চ) ভোরে অভিযান চালিয়ে ভারতীয় লুঙ্গী ও বিভিন্ন পণ্যসহ আমীর হোসেন (৩৩) নামে এই চোরাকারবারিকে আটক করে। আটক আমীর হোসেন উপজেলার ডেফলাই গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম, এসআই কামরুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ ঘোষসহ সঙ্গীয় ফোর্স শনিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান চালায়। এসময় ভারত থেকে চোরাই পথে আনা ৪টি বস্তায় ৮০টি হেয়ার কন্ডিশনার, ৩ বস্তায় ১৮১টি লুঙ্গী ও ১ হাজার ২০ মিটার বিভিন্ন ধরনের থান কাপড়সহ চোরাকারবারি মো. আমীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান বলেন, এই ঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আমীর হোসেনকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন