কেন্দুয়ায় জুয়ার আসরে পুলিশের হানা, দুই ইউপি সদস্যসহ আটক ৬
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জুয়া খেলার সময় দুই ইউপি সদস্যসহ ছয়জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এসময় জুয়া খেলার তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলার গন্ডা বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন গন্ডা এলাকার হাফিজুর রহমান ওরফে খোকন (৬০) ও খুররম মিয়া (৫০), মনকান্দা গ্রামের চান্দু মিয়া (৪৫) ও আলী ওসমান (৪২), বীরমহুরী গ্রামের সোহাগ (৪৫) এবং মরিচপুর গ্রামের মজিবুর রহমান (৬০)।
তাদের মধ্যে হাফিজুর রহমান ওরফে খোকন গন্ডা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য এবং আলী ওসমান একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য।
পুলিশ জানায়, গন্ডা বাজারের একটি দোকানে জুয়া খেলার খবর পেয়ে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় জুয়া খেলারত অবস্থায় ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার কথা স্বীকার করেছে।
এদিকে দুই ইউপি সদস্যের এমন কান্ডে গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ শহিদুল ইসলাম কল্যাণ বলেন, মাদক ও জুয়া নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। তবে আমার জানামতে, ইউপি সদস্যরা এসব অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা নয়। তারপরও যেহেতু তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন, এখন আইন অনুযায়ী যা হওয়ার, তাই হবে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দিয়ে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

