কচাকাটায় জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
কুড়িগ্রামের কচাকাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কচাকাটা থানা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টায় মাদারগঞ্জ বাজারে মিছিল করেন।
মিছিল পরবর্তী সমাবেশ থেকে হামলার ঘটনায় ফ্যাসিস্টদের দোসর মোঃ আকমল হোসেনসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
সেক্রেটারি মোঃ আব্দুল বাতেন (বিএসসি) এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার জামায়াতের আমীর মাওলানা মোঃ এনামুল হক।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কচাকাটা ইউনিয়ন জামায়াতের মোঃ মাহবুবুর রহমান, মাওলানা মঈনুল ইসলাম, মোঃ হাছান আলী ও কামরুজ্জামান এবং বল্লভেরখাস ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ সোলায়মান আলী প্রমুখ।
বক্তারা বলেন, বল্লভেরখাস ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ সোলায়মান আলীর ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারও ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক সমাজে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, হামলাকারী যে দলের হোক না কেন অপরাধীরা যেন পার পেয়ে না যায়, সে জন্য ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা হামলার শিকার নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। তাদের মতে, ভয়ভীতি বা হামলার মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড দমিয়ে রাখা যায় না। আইনের শাসন, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

