ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় নিয়োগে স্বচ্ছতার আশ্বাস মির্জা ফখরুলের
ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে কোনো ধরনের তদবির বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৯ মে) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের তাঁতিপাড়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়োগকে কেন্দ্র করে বিভিন্নভাবে চাপ প্রয়োগের চেষ্টা চলছে। তবে যোগ্যতার ভিত্তিতেই সব নিয়োগ সম্পন্ন হবে এবং এখানে কোনো পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অগ্রগতি তুলে ধরে মির্জা ফখরুল জানান, নির্বাচনের আগেই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। সরকার গঠনের পর বিষয়টি দ্রুত এগিয়ে নেওয়া হয়। ইতোমধ্যে উপাচার্য নিয়োগ, প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শনের কাজ সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, উন্নয়নের নামে কৃষিজমি নষ্ট করা হবে না। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ক্ষেত্রেও কৃষিজমি রক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।
এসময় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীজন।
বক্তব্যের শেষদিকে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে।

