খুঁজুন
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন, ১৪৩২

অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা প্রজন্ম দেশে অন্তত দুই দশক প্রভাব রাখবে: উপদেষ্টা নাহিদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৬ অপরাহ্ণ
অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা প্রজন্ম দেশে অন্তত দুই দশক প্রভাব রাখবে: উপদেষ্টা নাহিদ

তারুণ্যের উৎসব-২০২৫–এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠনে বক্তব্য দেন উপদেষ্টা নাহিদ ইসলাম। পিবিআই, ঢাকা।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রজন্ম বা যে তারুণ্য তৈরি হয়েছে, অন্তত আগামী দুই দশক বাংলাদেশে তারা প্রভাব রাখবে। রাজনীতি, সমাজ, সংস্কৃতি ও অর্থনীতি—সমাজের সব ক্ষেত্রে তাদের প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব তৈরি হবে। ফলে তরুণদের আকাঙ্ক্ষাকে যে সরকার বা রাজনৈতিক দল ধারণ করতে পারবে, তারাই সফলতা পাবে।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫–এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানে অংশগ্রহণের মধ্য দিয়ে তরুণেরা বলে দিয়েছে, নতুন বাংলাদেশে তাদের প্রতিনিধিত্ব বা হিস্যা লাগবে। কারণ, তরুণেরা এত দিন সহ্য করেছে। পূর্ববর্তী প্রজন্মের ব্যর্থতার ফলে শিক্ষার্থীদের আন্দোলনে নামতে হয়েছে। ফলে আগামীর বাংলাদেশের যেকোনো সিদ্ধান্তে তরুণেরা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলে তরুণদের আকাঙ্ক্ষা যে সরকার বা রাজনৈতিক দল ধারণ করতে পারবে, তারাই আসলে সফলতা পাবে। তারুণ্যের শক্তি ইতিবাচকভাবে কাজে লাগুক—এই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররাজনীতির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ক্যাম্পাসগুলোতে পেশিশক্তি–নির্ভর ছাত্ররাজনীতির সংস্কৃতি অবসান ঘটাতে হবে। ছাত্ররা দেশের জন্য ছাত্রদের পক্ষে রাজনীতি করবে, আগামীর বাংলাদেশ গড়ে তুলবে—এমনটাই আকাঙ্ক্ষা।

ফ্যাসিবাদের দোসরেরা এখনো সমাজের নানা জায়গায় রয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, এখনো ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের প্রবণতা, ফ্যাসিবাদী চিন্তা এবং সেই ব্যক্তিগুলো সমাজের নানা জায়গায় রয়েছে। তাদের বিরুদ্ধে লড়াই চলমান আছে। যারা ঘৃণ্য কাজে, দুর্নীতির কাজে সহযোগী ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনে যারা মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে প্রশাসনের ব্যক্তি হয়ে জনগণের বিপক্ষে কাজ করেছে, তাদের বিরুদ্ধে শিগগিরই একটি ব্যবস্থা আসবে।

তারুণ্যের উৎসবের বিষয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-তরুণদের ভূমিকাকে স্বীকৃতি দিতেই তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়েছে। অভ্যুত্থান–পরবর্তী উদ্দীপনাকে উজ্জীবিত করতেই এ উৎসব। ন্যায়বিচারের মধ্য দিয়ে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, বেদনা দূর হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, অভ্যুত্থান–পরবর্তী সময়ে তরুণদের ট্রমা দূর করতেই সারা দেশে তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসব উপলক্ষে সারা দেশে প্রায় সাড়ে ১৪ হাজার ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৭৫ লাখ তরুণ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছেন। নারীদের জন্য আলাদা করে প্রায় তিন হাজার ইভেন্ট আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপ্রধান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, এখন একটি ট্রানজেশনাল সময় যাচ্ছে। এ সময় সমাজের যারা তরুণ, তারা বিভ্রান্তি কিংবা ট্রমার মধ্যে আছে। তাদের পথ দেখাতেই দেশব্যাপী তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নিগার সুলতানা। অনুষ্ঠানের শুরুতে গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে গণ-অভ্যুত্থান নিয়ে লেখা একটি কবিতা, অভ্যুত্থানের ড্রোন ভিডিও দেখানো হয়। এরপর প্রদর্শন করা হয় গণ-অভ্যুত্থান নিয়ে তৈরি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রামাণ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’। পরে মঞ্চে গান পরিবেশন করেন সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গণের শিল্পীরা। অতিথিদের বক্তব্য শেষে আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আমি আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের পাশে সবসময় আছি — এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
আমি আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের পাশে সবসময় আছি — এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুর সদরের উত্তর ফরিদপুর ও মহাজনপাড়া এলাকাবাসীর উদ্যোগে রবিবার (৮ মার্চ) জনতা ক্লিনিক মোড়ে দিনাজপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি’র সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। তিনি বলেন, “আমি আপনাদের ভোটে এমপি হয়েছি। আপনারাই আমাকে তিনবারের মেয়র থেকে এমপি বানিয়েছেন। আমি দিনাজপুর সদরকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। সুখে-দুঃখে আগেও যেমন আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।”
তিনি আরও বলেন, দিনাজপুর সদরের সব রাস্তাঘাট নতুনভাবে নির্মাণ করা হবে, যাতে জনগণের কোনো ভোগান্তি না থাকে। পর্যায়ক্রমে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলেও তিনি জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রণালয়ে নির্দেশনা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল হুদা, ডা. সাইফুর রহমান, মঞ্জুর মুর্শেদ সুমন, এ.আই. মিজানুর রহমান, মোস্তফা কামাল মিলন, মোজাফফর হোসেন, শামসুল আলম চৌধুরী, মিজানুর রহমান, আইয়ুব আলী, মোকসেদুল ইসলাম টুটুল ও সাজ্জাদ হুমায়ুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কলমাকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নি:স্ব ব্যবসায়ী, অন্তত ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
কলমাকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নি:স্ব  ব্যবসায়ী, অন্তত ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ভয়াবহ অগ্নিকাণ্ডে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় জুতার গোডাউন ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ৬০-৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ধান মহাল রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে হঠাৎ বিদ্যুৎ আসার পরপরই গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে চারপাশে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে জরুরি সেবা নম্বর ১০২ এ কল দিয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

অগ্নিকাণ্ডে ব্যবসায়ী রিপন খানের জুতার গোডাউনের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে পাশের স্বপন দাসের ত্রিপালের গোডাউনে আংশিক আগুন লাগলেও সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছেছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও তা অস্বীকার করেছেন কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‍ ঢাকার নিয়ন্ত্রণ কক্ষ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই এবং প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ কী, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন খান বলেন, সামনে ঈদ, তাই ঈদ বাজারকে কেন্দ্র করে গোডাউনে বিপুল মালামাল প্রস্তুত রাখা হয়েছিলো। এই অগ্নিকাণ্ডে একেবারে পথে বসে গেলাম। তিনি কান্নারত অবস্থায় বলেন, এই দূর্ঘটনায় আমি নি:স্ব হয়ে গেলাম। আমার আর কিছুই রইলো না।

ঈদের ভরা মৌসুমে এমন অপ্রত্যাশিত ঘটনায় ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীর পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় কলমাকান্দায় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় কলমাকান্দায় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির আয়োজনে এবং ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় চারদিনব্যাপী হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ৫টি গ্রুপে বিভক্ত করা হয়। বিজয়ীদের মাঝে বাইসাইকেল, ডিনার সেটসহ বিভিন্ন পুরস্কারের পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে নগদ আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

গত বছর প্রথমবার এই আয়োজন করে উপজেলা বিএনপি। এবার ২য় বারের মতো এই আয়োজন অনুষ্ঠিত হলো।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

তারা বলেন, এমন আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি চর্চা আরো বৃদ্ধি পাবে।

কলমাকান্দায় ২য় বারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। এমন আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।