খুঁজুন
বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন, ১৪৩২

রাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু কাল

আজাহারুল ইসলাম সিদ্দিকী, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
রাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু কাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়।ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড আগামীকাল (৪ মার্চ) থেকে ডাউনলোড করা যাবে। মনোনিত শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল, সাল এবং বোর্ড লিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে।

পূর্ব ঘোষিত সময় অনুযায়ী, আজ (৩ মার্চ) থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হওয়ার কথা। কিন্তু সিটপ্ল্যান সম্পন্ন না হওয়ায় তা একদিন পেছানো হয়েছে। তবে কাজ শেষ কর‍তে পারলে আজ রাতেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যেতে পারে বলে জানিয়েছেন আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ব্যর্থ হলে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না।

অধ্যাপক ছাইফুল ইসলাম বলেন, আরলি রমজান শুরু হওয়ায় গতকালের (২ মার্চ) মধ্যে সিটপ্ল্যান সম্পন্ন করা যায়নি, আজকেও কাজ করতে হবে। সেজন্য একদিন পেছানো লাগতে পারে। কাজ শেষ কর‍তে পারলে অবশ্য রাতেও অ্যাডমিট কার্ড ছেড়ে দিতে পারি।

প্রতিটি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য দুটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে। একটায় লেখা থাকবে University Copy এবং অন্যটিতে Candidate Copy। কোনো শিক্ষার্থী যদি দুটো ইউনিটে পরীক্ষা দেন। তাহলে তাকে চারটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আর তিনটি ইউনিটে হলে মোট ছয়টি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।

অ্যাডমিট কার্ডে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে যে সিগনেচার রয়েছে সেটা হুবুহু দিতে হবে। ভর্তি পরীক্ষার সময় সকল অ্যাডমিট কার্ড আনতে হবে। কারণ ভর্তি পরীক্ষার সময় কক্ষে কর্তব্যরত শিক্ষক অ্যাডমিট কার্ডে সিগনেচার দিয়ে University Copy জমা নিবে এবং Candidate Copy ফেরত দিবে। রাবিতে চান্স পাওয়ার পর এই Candidate Copy ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার ও চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীকে Candidate Copy সাথে আনতে হবে।

তথ্য মতে, আগামী ১২ এপ্রিলে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে এক ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএর উপর কোনো নম্বর থাকছে না। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় নির্ধারণ হওয়া প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। www.ru.ac.bd admission এই ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

দুর্গাপুরে শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা-২০২৬

নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
দুর্গাপুরে শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা-২০২৬

ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় শুরু হচ্ছে কুরআনের আলো হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা-২০২৬।

তিনদিনব্যাপী এই আয়োজন শুরু হচ্ছে আগামী ৫ মার্চ। এটি চলবে ৭ মার্চ পর্যন্ত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির দুর্গাপুর উপজেলা ও পৌর শাখা এই আয়োজন করছে।

দুর্গাপুর পৌর শহরে জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টায় এই প্রতিযোগিতা শুরু হয়ে চলবে বিকেল ৪:৩০ পর্যন্ত।

গত বছর প্রথমবার এই আয়োজন করে উপজেলা বিএনপি। এবার ২য় বারের মতো এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।

তারা বলেন, এমন আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি চর্চা আরো বৃদ্ধি পাবে।

দুর্গাপুরে ২য় বারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও জনসাধারণের মধ্যে
ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এমন আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

নিমতলা মুন্সী হোটেল রোড অবৈধ দখলদারদের দখলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
নিমতলা মুন্সী হোটেল রোড অবৈধ দখলদারদের দখলে

দিনাজপুর শহরের নিমতলা এলাকায় মুন্সী হোটেলের পাশের সড়ক ও ফুটপাত বর্তমানে অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে চলে গেছে। ফুটপাতে দোকান বসানো ও মালামাল রাখার কারণে পথচারীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না।
শনিবার (১ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১০টার পর থেকেই দোকানগুলোর মালামাল ফুটপাতজুড়ে ছড়িয়ে রাখা হয়। নিমতলা থেকে খালপাড়া যাওয়ার গুরুত্বপূর্ণ এই সড়কে পথচারীদের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। ফুটপাত দখল করে অবৈধভাবে চায়ের দোকান, প্লাস্টিক সামগ্রীর দোকানসহ বিভিন্ন ভ্যারাইটিজ পণ্যের স্টল বসানো হয়েছে। এমনকি বিদ্যুতের ট্রান্সফরমারের নিচেও ঝুঁকিপূর্ণভাবে দোকান পরিচালনা করতে দেখা যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এভাবে ফুটপাত দখল করে ব্যবসা চালানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। ফলে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন সাধারণ পথচারীরা।
এদিকে ছবি তুলতে গেলে সেখানে থাকা কয়েকজন দোকানদার বাধা দেন। তারা প্রশ্ন তোলেন— “আপনি কী করেন? কেন ছবি তুলছেন?” উত্তরে নিজেকে সাংবাদিক পরিচয় দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
এ বিষয়ে দিনাজপুর পৌরসভা ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। সচেতন মহলের মতে, ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি প্রয়োজন।

মাদারীপুরে মানব পাচারকারী চক্রের ভয়াল থাবা: নিঃস্ব শত শত পরিবার, মুক্তিপণের নামে চলছে অমানুষিক নির্যাতন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
মাদারীপুরে মানব পাচারকারী চক্রের ভয়াল থাবা: নিঃস্ব শত শত পরিবার, মুক্তিপণের নামে চলছে অমানুষিক নির্যাতন

মাদারীপুর জেলায়ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে মানব পাচারকারী চক্র। উন্নত জীবনের আশায় বিদেশ বিভুঁইয়ে পাড়ি জমাতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ। ভিটেমাটি বিক্রি করে দালালদের হাতে টাকা তুলে দিয়ে মিলছে না কাঙ্ক্ষিত গন্তব্য, উল্টো লিবিয়ার মাফিয়াদের হাতে বন্দি হয়ে সইতে হচ্ছে অমানুষিক নির্যাতন। সম্প্রতি মাদারীপুরের এমদাদ ও তার সহযোগীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী পাচারকারী চক্রের বিরুদ্ধে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।

​চক্রের মূল হোতা ও তাদের কৌশল

​ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, এই চক্রের মূল হোতা এমদাদুল মাতুব্বর এবং তার সহযোগী হিসেবে কাজ করছেন এনামুল হক, লাভলু মাতুব্বর, বাবলু মাতুব্বর, ইঞ্জি বেগম, সুমা আক্তার, মেরাজ তালুকদার ও মজিবর বেপারীসহ আরও কয়েকজন। তারা ইউরোপের দেশ পর্তুগাল বা ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে একেকজন বিদেশপ্রার্থীর কাছ থেকে ২০ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে।

​আকলিমা নামে এক ভুক্তভোগী জানান, তার ভাগ্নে মোহাম্মদ হাওলাদারকে পর্তুগাল নেওয়ার কথা বলে মোট ২০ লক্ষ টাকা নেয় এমদাদ ও তার গং। পরে পর্তুগাল নিতে ব্যর্থ হয়ে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর নামে আরও ২০ লক্ষ টাকা দাবি করে। লিবিয়া পৌঁছানোর পর তাকে স্থানীয় মাফিয়াদের কাছে বিক্রি করে দেওয়া হয়। নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ হিসেবে দাবি করা হয় আরও ৩৬ লক্ষ টাকা। সব মিলিয়ে ৬৬ লক্ষ টাকা খুইয়ে কোনোমতে জানালা ভেঙে পালিয়ে জীবন বাঁচান ওই যুবক।

​একই অভিজ্ঞতার কথা জানান নুরজাহান বেগম। তার ছেলে নুর ইসলাম মাতুব্বরকে ইতালি নেওয়ার কথা বলে ধাপে ধাপে ৫১ লক্ষ টাকা হাতিয়ে নেয় এই চক্র। তিনি বলেন, “ছেলের ওপর নির্যাতনের ভিডিও দেখে সুদে ও এনজিও থেকে ঋণ করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দিয়েছি। দালালদের কাছে টাকা ফেরত চাইলে তারা উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।”

​আরেক ভুক্তভোগী নুসরাত জাহান এনি জানান, তার ছেলে শাহরিয়ার মাহমুদ তুষারকে লিবিয়ার দালালদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। ছেলের জীবন বাঁচাতে সহায়-সম্বল, গবাদি পশু ও স্বর্ণালঙ্কার বিক্রি করে মোট ৫৫ লক্ষ টাকা দিতে বাধ্য হয়েছেন তিনি।

​পাচারকারীদের হুমকি ও আইনি জটিলতা

​ভুক্তভোগীরা যখন নিঃস্ব হয়ে আইনের আশ্রয় নিচ্ছেন, তখন এই পাচারকারী চক্র আরও বেপরোয়া হয়ে উঠছে। আদালত ও থানায় মামলা করায় ক্ষিপ্ত হয়ে এমদাদ ও তার সহযোগীরা ভুক্তভোগী পরিবারগুলোকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং পাল্টা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

​প্রশাসনের হস্তক্ষেপ কামনা

​বর্তমানে মাদারীপুরের অনেক পরিবার এই দালাল চক্রের কারণে পথে বসেছে। ভুক্তভোগীদের দাবি, দ্রুত এই এমদাদ গংদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং পাচার হওয়া অর্থ উদ্ধারে প্রশাসন যেন কঠোর পদক্ষেপ নেয়।

​ভুক্তভোগীরা আক্ষেপ করে বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আদালতের দ্বারস্থ হয়েছি। কিন্তু দালালদের হুমকির মুখে আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা সঠিক বিচার চাই।”