রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজে ‘বিজয়োল্লাস মেগা ক্রিকেট কার্নিভাল সিজন-০১’ এর জমকালো উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে শুরু হলো ‘বিজয়োল্লাস মেগা ক্রিকেট কার্নিভাল সিজন-০১’। ‘বিজয়োল্লাস ক্রীড়া সংসদ’-এর আয়োজনে এবং কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজ এই ব্যাতিক্রমধর্মী ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সেই লক্ষ্যেই নিউ গভঃ ডিগ্রী কলেজ খেলার মাঠে দুই দিনব্যাপী এই জাঁকজমকপূর্ণ ক্রিকেট কার্নিভালের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়োল্লাস ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি মো. লতিফুর রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখার আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তর এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসান।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন বিজয়োল্লাস ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এস এম তামজীদ উর রহমান কোরাইশী ও সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রউফ।
এ সময় মাঠে আরও উপস্থিত ছিলেন বিজয়োল্লাস ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টটি আগামী দুই দিন ধরে চলবে।

