দিনাজপুরে এনজিও কর্মীকে গণধর্ষণের ঘটনায় মামলা; র্যাবের যৌথ অভিযানে এজাহারনামীয় আসামি ঢাকা থেকে গ্রেফতার
দিনাজপুরে এক এনজিও কর্মীকে গণধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় এক আসামিকে ঢাকার গুলিস্তান এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাবের যৌথ আভিযানিক দল।
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন এনজিও কর্মী। কাজের সুবাদে মামলার আসামি মোঃ আতিকুল ইসলাম (২৪) ভুক্তভোগীকে মোবাইল ফোনে জানায় যে তার ইন্স্যুরেন্স কোম্পানিতে ৫/৬ জন ব্যক্তি পলিসি করতে আগ্রহী। এর প্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে একাধিক ফোন কলের ভিত্তিতে ভুক্তভোগী স্থানীয় ডাঙ্গারবাজার এলাকায় যান।
ডাঙ্গারবাজার থেকে আসামির সাথে চিরিরবন্দর থানার ১নং নশরতপুর ইউনিয়নের কোম্পানির মোড় হয়ে নশরতপুর ফকিরপাড়াগামী পাকা সড়ক সংলগ্ন একটি ভুট্টাক্ষেতের পাশ দিয়ে কথিত গ্রাহকের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে পূর্বপরিকল্পিতভাবে ওৎপেতে থাকা সহযোগী আসামিরা তাকে জোরপূর্বক ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদর্শন করে প্রথমে গ্রেফতারকৃত আসামি ধর্ষণ করে এবং পরবর্তীতে অন্য সহযোগীরা পালাক্রমে গণধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে আসামিরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে ভুক্তভোগী বাদী হয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৭) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর-২২/২৫।
ঘটনার পর থেকে আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় এবং গুরুত্ব বিবেচনায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব-১৩ গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩ সিপিসি-১, দিনাজপুর এবং র্যাব-১০ সদর কোম্পানি, কেরানীগঞ্জের একটি যৌথ আভিযানিক দল ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৩টায় ঢাকার বংশাল থানাধীন গুলিস্তান কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মামলার এজাহারনামীয় ২নং আসামি বিশ্বনাথ রায় (২৬), পিতা- কানু চন্দ্র রায়, সাং- নশরতপুর (মাছুয়াপাড়া), থানা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


