খুঁজুন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮ মাঘ, ১৪৩২

নববর্ষে ঢাকা মাতালেন বাউল আরজ আলী

লাখো মানুষের সামনে আরজ আলীকে গাইতে দেখা এক পরম শান্তি : সংস্কৃতি উপদেষ্টা

মামুন রণবীর | নেত্রকোণা
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৩:১৬ পূর্বাহ্ণ
লাখো মানুষের সামনে আরজ আলীকে গাইতে দেখা এক পরম শান্তি : সংস্কৃতি উপদেষ্টা

বাংলা নববর্ষ মানেই বাঙালির জন্য আনন্দঘন এক নাগরিক উৎসব। নববর্ষ বরণ করতে বাংলাদেশ মুখর ছিলো বর্ণিল সাংস্কৃতিক আয়োজনে।

পহেলা বৈশাখে এবার ঢাকার বড় মঞ্চে গান পরিবেশন করেছেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বাউল শিল্পী আরজ আলী।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাস্তবায়নে ঢাকার মানিক মিয়া এভিনিউতে আয়োজিত কনসার্টে গান গেয়ে সবাইকে মাতিয়েছেন তিনি। জীবনে প্রথমবারের মতো এতো বড় মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়ে আরজ আলী তার স্বপ্ন ছুঁয়েছেন। এই আয়োজনে একই মঞ্চে দেশের জনপ্রিয় শিল্পী এবং ব্যান্ডদল গান পরিবেশন করে।

নববর্ষের এই কনসার্টে আরজ আলীর পরিবেশনা দর্শক শ্রোতাদের মাতিয়েছে বেশ। জাহিদ নীরব ফিচারিং আরজ আলী ও রাকিব হাসানের গানের পরিবেশনায় গলা মিলিয়েছেন হাজারো দর্শক।

বর্ষবরণের এই নন্দিত আয়োজনে ঢাকার বড় মঞ্চে অজপাড়াগাঁয়ের একজন বাউল আরজ আলীকে পেয়ে দর্শকরা তুমুল সাড়া দিয়েছেন। শিল্পীর পরিবেশনা আর দর্শকের চিত্তবিনোদন মিলে সকল উন্মাদনা যেন এক হয়ে গিয়েছিলো মানিক মিয়া এভিনিউতে। তাইতো মুঠোফোনে স্মৃতি ধরে রাখলেন অনেকেই।

নেত্রকোণার সুসঙ্গ দুর্গাপুরের সাদামাটির পাহাড়ের আঙিনা থেকে রাজধানীর মঞ্চ,যাত্রাটা আরজ আলীর কাছে স্বপ্নের মতোই। এই জার্নিতে তার এতদূর আসার পেছনে বড় অবদান রয়েছে শিল্পী রাকিব হাসানের। তিনি এই পথের বাউলকে চিনিয়েছেন রাজপথ। তারপর ঢাকায় একসাথে প্র‍্যাকটিস করা,আড্ডা দেয়া অথবা গানের ফাঁকে কথার ঝড়। অবশেষে এক মঞ্চে দর্শক মাতানো। যেন এক রূপকথার গল্পের মতোই।

এই গল্পের স্বপ্ন সত্যি হবার পথে সহযোগিতা করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। খুব আদুরে ঢঙে তাইতো ফেসবুকে লিখেন “উস্তাদ আরজ আলী”।

ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুরের পথে প্রান্তরে যে আরজ আলী গান গেয়ে বেড়াতেন আজ তিনি রীতিমতো সেলিব্রেটি। দেশের নানা শ্রেণীপেশার মানুষের প্রশংসায় ভাসছেন এই বাউল শিল্পী। জীবনের অপরাহ্নে এসে তার শেকড় থেকে শিখরে পৌঁছে যাওয়াটা সত্যিই মানুষের কাছে এক চমৎকার অনুভূতি। সাম্প্রতিক সময়ের আগে কখনোই সেভাবে ঢাকা শহর না দেখা মানুষটি এবার মাতালেন কত শত শহুরে মানুষকে। তাকে দেখলে সবাই এখন গান শুনতে চায়,খুব যত্ন করে তুলতে চায় এক মুহূর্তের সেলফি।

জীবনভর গানকেই ধ্যানজ্ঞান করা আরজ আলী তো দিনশেষে একজন সত্যিকারের সেলিব্রেটি। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাই নিজের অনুভূতি প্রকাশ করলেন এভাবে – “আরজ আলী চাচাকে লক্ষ মানুষের সামনে গাইতে দেখা চোখের জন্য এক পরম শান্তি। দেশের হাটে-মাঠে-বাটে এরকম হাজার হাজার প্রতিভা আছে। এই শক্তিটাকে কাজে লাগানোর উপায় আছে। আমরা একটা কাঠামো তৈরি করতে পারি যেটা শুধু যে বাংলাদেশের ইমেজ বিল্ডিংয়ে হেল্প করবে তা না, আমাদের শিল্পীরা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবে।
আমার ব্যক্তিগত বিবেচনায়,গান হচ্ছে আমাদের সবচেয়ে শক্তিশালী কালচারাল অ্যাসেট। বাংলাদেশকে বাইরের দুনিয়ায় গানের দেশ হিসাবে প্রজেক্ট করতে পারলে সবচেয়ে বড় কাজ হবে।”

নববর্ষের এই কনসার্টে গান পরিবেশন শেষে আরজ আলীর মুগ্ধতা ফুটে ওঠে তার অভিব্যক্তিতে। পরিবেশনা শেষে বললেন,”সকলের প্রতি আমার সালাম। ভালো থাকবেন। আবার দেখা হবে।”

শেকড়ের শিল্পী আরজ আলীর সাথে বারবার দেখা হোক নাগরিক আয়োজনের মঞ্চে অনেক গানের কোলাহলে,এমনটাই চাওয়া অসংখ্য শ্রোতা দর্শকের।

ঠাকুরগাঁও–২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন  বিএনপির স্বতন্ত্র প্রার্থী তুলা

MD JAMIL HASAN
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও–২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন  বিএনপির স্বতন্ত্র প্রার্থী তুলা

ঠাকুরগাঁও–২ (বালিয়াডাঙ্গী–হরিপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বতন্ত্র প্রার্থী শেষ পর্যন্ত তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচিত এই আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যেই তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মো. জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা জানায়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে বিএনপির জেলা কিংবা কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–২ আসনে বিএনপির প্রার্থী নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল। বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে এ আসনে বিএনপির দলীয় প্রার্থীর ডা. আব্দুস সালাম এর অবস্থান আরও সুসংহত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই সিদ্ধান্ত নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক ঐক্য জোরদার করবে এবং ভোটের হিসাবেও দলটি সুবিধাজনক অবস্থানে যাবে। এই আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকলেন ৭ জন।

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

Oplus_131072

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামী রুক্কু মিয়াকে (৩৮) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৭) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) জেলা জজ মোছা. মরিয়ম-মুন-মুঞ্জুরী এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রুবিনা আক্তার (৩২) জেলার পূর্বধলা উপজেলার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। তার স্বামী নিহত রুক্কু মিয়া একই উপজেলার লেটিরকান্দা গ্রামের শামছুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, রুক্কু মিয়া তিনটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী রুবিনা ছাড়াও পরে নোয়াখালীতে দ্বিতীয় ও গাজীপুরে তৃতীয় বিয়ে করেন। রুক্কুর সঙ্গে ১১ বছরের সংসার জীবনে রুবিনার ৯ বছর ও ৭ বছরের দুইটি মেয়ে রয়েছে। কিন্তু কয়েক বছর ধরে তিনি তাদের ভরণপোষণ দিচ্ছিলেন না। এতে চরম কলহ দেখা দেয়। এই দাম্পত্য কলহের জেরে ২০২১ সালের ১৪ মে, ঈদের দিন সন্ধ্যায় রুক্কু মিয়া শ্বশুরবাড়ি বেড়াতে গেলে রাতের খাবার শেষে ঘুমন্ত অবস্থায় রুবিনা তাকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এই হত্যাকান্ডের ঘটনায় নিহত রুক্কুর ভাই মো. আসান মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। পরে ওই মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছে।

রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF)-এর ১৭তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে চিফ হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইনান্স বিভাগের ২০২০-২১ সেশনের মোসাঈব ইবনে আনোয়ার।

গত ১৫ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মডারেটর মহোদয়।

কমিটিতে সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্যয় সারার শিহাব, রাকিবুল হাসান স্বাধীন, মাফিউল ওয়াহিদ সিহাব, তামিম খান ও সৌকত খান অন্তু।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF) শিক্ষার্থীদের বিতর্ক শেখানোর জন্য কাজ করে আসছে এবং একই সাথে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করে আসছে।