খুঁজুন
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭ মাঘ, ১৪৩২

রাবির অনাবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবারের ব্যবস্থার জন্য স্মারকলিপি প্রদান

মীর তুহিন, রাবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ
রাবির অনাবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবারের ব্যবস্থার জন্য স্মারকলিপি প্রদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত, ইয়ার এডমিশনের অর্থের পরিমাণ কমিয়ে আনা ও অনাবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবারের ব্যবস্থার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক রাবি চ্যাপ্টার। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টায় এই স্মারকলিপি প্রদান করা হয়।

ছবি: স্মারকলিপি

স্মারকলিপিতে তারা লিখেছেন,
“আমরা লক্ষ্য করেছি, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ২৮ এপ্রিল হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ এবং এই মহতী কর্মসূচির জন্য প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। তবে, দুঃখজনক হলেও লক্ষ্যণীয় যে, উক্ত আয়োজনে শুধুমাত্র হলের আবাসিক শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অনাবাসিক শিক্ষার্থীদের এই আয়োজনের বাইরে রাখা হয়েছে, যা স্পষ্টভাবে অনাবাসিক শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং তাদের এই আয়োজন থেকে বঞ্চিত করার শামিল।

আমরা সোচ্চারের পক্ষ থেকে স্পষ্ট দাবি জানাই, যেহেতু আবাসিক এবং অনাবাসিক উভয়ের কাছেই দিবস পালনের জন্য সমপরিমাণ অর্থ নেওয়া হয়, সেহেতু দিবস কেন্দ্রীক যে কোন আয়োজনে আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের সমানভাবে অগ্রাধিকার দিতে হবে। একইসাথে, বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান আবাসিক সংকট নিরসনে দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যাতে প্রতিটি শিক্ষার্থী ভর্তি হওয়ার পর প্রথম বর্ষ থেকেই আবাসিকতার সুযোগ পায়।

এছাড়া, আরেকটি গুরুতর বিষয় হলো- একজন শিক্ষার্থী যখন কোনো বর্ষে ভর্তি (ইয়ার এডমিশন) হয়, তখন তার নিকট থেকে একই খাতের নামে একাধিকবার অর্থ সংগ্রহ করা হয় (যেমন: ছাত্র-ছাত্রী কল্যাণ তহবিল, সংসদ ফি, খেলাধুলা ফি ইত্যাদি)। এটি অত্যন্ত অনভিপ্রেত এবং নিন্দনীয়। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, এই অনিয়ম দ্রুততার সাথে পর্যালোচনা করে অবিলম্বে বন্ধ করতে হবে এবং ইয়ার এডমিশনের অর্থের পরিমাণ যৌক্তিকভাবে কমিয়ে আনতে হবে।”

সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক রাবি চ্যাপ্টারের সভাপতি সালমান সাব্বির বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চলতি বছরের মধ্যেই নির্মাণাধীন ২টি হলের কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ। তবে উদ্যোগের চেয়ে বাস্তবায়নই বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া, ইয়ার এডমিশনের সময় একই খাতের নামে একাধিকবার যে অর্থ নেওয়া হচ্ছে তা অনভিপ্রেত ও নিন্দনীয় কাজ। আমরা আজ এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি পেশ করেছি এবং আশা করি, তারা এ ব্যাপারে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবেন।

এ বিষয়ে উপাচার্য সালেহ্ হাসান নকীব স্যার বলেন, আমি হলের বিষয়ে কথা বলতে তেমন পছন্দ করি না। হলের বিষয়ে সিদ্ধান্ত নিবে প্রাধ্যক্ষ পরিষদ; এই বিষয়ে তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে। প্রভোস্ট কাউন্সিল থেকে আমাকে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়ার জন্য বলা হয়েছিল, আমি প্রশাসনের পক্ষ থেকে যথাসাধ্য ভর্তুকি দেওয়ার চেষ্টা করেছি। এক প্রকার তলা কুড়িয়ে আমাকে দিতে হয়েছে বিধায় হয়তো বেশি দেওয়া সম্ভব হয়নি। কারণ হলে দেওয়ার মত এখন তেমন কোন ফান্ড নাই। হল প্রভোস্টরা যদি এই টাকায় অনাবাসিক শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করতে পারে তাহলে ওনারা আয়োজন করুক; এটি তাদের সিদ্ধান্তের বিষয়।

উল্লেখ্য “সোচ্চার -টর্চার ওয়াচডগ বাংলাদেশ” একটি যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার সংগঠন। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে। তাদের প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্যাতন বন্ধ করা এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করা।

ঠাকুরগাঁও–২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন  বিএনপির স্বতন্ত্র প্রার্থী তুলা

MD JAMIL HASAN
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও–২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন  বিএনপির স্বতন্ত্র প্রার্থী তুলা

ঠাকুরগাঁও–২ (বালিয়াডাঙ্গী–হরিপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বতন্ত্র প্রার্থী শেষ পর্যন্ত তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচিত এই আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যেই তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মো. জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা জানায়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে বিএনপির জেলা কিংবা কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–২ আসনে বিএনপির প্রার্থী নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল। বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে এ আসনে বিএনপির দলীয় প্রার্থীর ডা. আব্দুস সালাম এর অবস্থান আরও সুসংহত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই সিদ্ধান্ত নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক ঐক্য জোরদার করবে এবং ভোটের হিসাবেও দলটি সুবিধাজনক অবস্থানে যাবে। এই আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকলেন ৭ জন।

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

Oplus_131072

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামী রুক্কু মিয়াকে (৩৮) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৭) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) জেলা জজ মোছা. মরিয়ম-মুন-মুঞ্জুরী এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রুবিনা আক্তার (৩২) জেলার পূর্বধলা উপজেলার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। তার স্বামী নিহত রুক্কু মিয়া একই উপজেলার লেটিরকান্দা গ্রামের শামছুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, রুক্কু মিয়া তিনটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী রুবিনা ছাড়াও পরে নোয়াখালীতে দ্বিতীয় ও গাজীপুরে তৃতীয় বিয়ে করেন। রুক্কুর সঙ্গে ১১ বছরের সংসার জীবনে রুবিনার ৯ বছর ও ৭ বছরের দুইটি মেয়ে রয়েছে। কিন্তু কয়েক বছর ধরে তিনি তাদের ভরণপোষণ দিচ্ছিলেন না। এতে চরম কলহ দেখা দেয়। এই দাম্পত্য কলহের জেরে ২০২১ সালের ১৪ মে, ঈদের দিন সন্ধ্যায় রুক্কু মিয়া শ্বশুরবাড়ি বেড়াতে গেলে রাতের খাবার শেষে ঘুমন্ত অবস্থায় রুবিনা তাকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এই হত্যাকান্ডের ঘটনায় নিহত রুক্কুর ভাই মো. আসান মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। পরে ওই মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছে।

রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF)-এর ১৭তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে চিফ হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইনান্স বিভাগের ২০২০-২১ সেশনের মোসাঈব ইবনে আনোয়ার।

গত ১৫ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মডারেটর মহোদয়।

কমিটিতে সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্যয় সারার শিহাব, রাকিবুল হাসান স্বাধীন, মাফিউল ওয়াহিদ সিহাব, তামিম খান ও সৌকত খান অন্তু।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF) শিক্ষার্থীদের বিতর্ক শেখানোর জন্য কাজ করে আসছে এবং একই সাথে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করে আসছে।