দুমকীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল
বিদেশি অপশক্তিদের চোখে আঙুল দিয়ে দেখাতে হবে, এদেশের মানুষ এখন ঐক্যবদ্ধঃ কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম
গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম বলেন, বাংলাদেশ এখন গড়ার সময়। এ দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। কিন্তু তৃতীয় শক্তি সবসময় ফাটল ধরানোর চেষ্টা করে। এছাড়াও বিদেশি অপশক্তিগুলো বেশ তৎপর রয়েছে। তাদের চোখ আঙুল দিয়ে দেখাতে হবে, আমরা এখন জাতীয় স্বার্থে বেশ ঐক্যবদ্ধ।
শুক্রবার (২৮মার্চ) বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গণঅধিকার পরিষদ পটুয়াখালীর দুমকী শাখার আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তুলে ধরেন তিনি।
গণঅধিকার পরিষদ দুমকী শাখার আহবায়ক মুন্না জহির-এর সভাপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দিন জুয়েল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম, সদস্য সচিব শাহ আলম সিকদার, যুগ্ম আহবায়ক উর্মি আক্তার, সোহেল রানা, জেলা যুব অধকার পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুমকী উপজেলার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান পলাশ, দুমকী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবশেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর সফলতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: আশিক মাহমুদ।

