ফুলবাড়িতে গ্রেনেড উদ্ধার
দিনাজপুরের ফুলবাড়ীতে একটি গ্রেনেড উদ্ধার করেছে থানা পুলিশ। গ্রেনেডটি 1968 সালের তৈরী বলে জানিয়েছে পুলিশ।
রবিবার বিকেলে উপজেলার কাজিহাল ইউনিয়নের মোকলেস ওরফে মোকের বাড়ী থেকে এই গ্রেনেডটি উদ্ধার করা হয়।
জানা যায়, নিজ বাড়ি নির্মাণের জন্য বালু নিয়ে আসেন মোকলেস ওরফে মোকে। ওই বালুর সাথে একটি পরিত্যক্ত ১৯৬৮ সালের বোমা দেখতে পায় এলাকাবাসী। বিষয়টি জানাজানি হলে এবং ফুলবাড়ী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, চিরিরবন্দর নিয়ে আসা বালুর গাড়িতে গ্রেনেড পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে নিয়ে আসে। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

