খুঁজুন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮ মাঘ, ১৪৩২

নির্বাচন অনতিবিলম্বে অনুষ্ঠিত হবার লক্ষ্যে আমাদের কার্যক্রম প্রসারিত করতে হবে : দিবালোক সিংহ

মামুন রণবীর | নেত্রকোণা
প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫, ১০:৪৭ অপরাহ্ণ
নির্বাচন অনতিবিলম্বে অনুষ্ঠিত হবার লক্ষ্যে আমাদের কার্যক্রম প্রসারিত করতে হবে : দিবালোক সিংহ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ডা. দিবালোক সিংহ বলেছেন,সুষ্ঠু,শান্তিপূর্ণ ও সবাই যেন নিজের ইচ্ছেমতো ভোট দিতে পারে এমন একটি নির্বাচন বাংলাদেশের মানুষ চাচ্ছে।

তিনি বলেন,যে নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি সেই গণতান্ত্রিক নির্বাচন যেন অনতিবিলম্বে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম প্রসারিত করতে হবে।

সোমবার (৯ জুন) নেত্রকোণার দুর্গাপুর উপজেলার নোয়াপাড়া গ্রামে ক্ষেতমজুর সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন,ধানাইপানাই করে বছরের পর বছর একটা অনির্বাচিত সরকার আপনারা রাখতে চান এবং সেখানে বিদেশী রাষ্ট্রের স্বার্থ রক্ষায় তাদের আজ্ঞাবহ হিসেবে এখানে কাজ করছেন,এই সন্দেহ দেশের মানুষের ভেতর দেখা দিয়েছে।

আলোচনা সভায় দিবালোক সিংহ বলেন, আমাদের দেশের কৃষক,ক্ষেতমজুরদের স্বার্থে দেশ পরিচালনা করতে হবে। তাদের স্বার্থে রেশনের ব্যবস্থা করতে হবে। সার- বীজ-তেলের দাম কমাতে হবে। তাদের স্বার্থে আমাদের ভূমি সংস্কার করতে হবে। ক্ষেতমজুরের যেন সাংবাৎসরিক কাজের ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা করতে হবে। কৃষকের,ক্ষেতমজুরের স্বার্থের যে দাবি সেটা আজ পাওয়া দরকার।

দেশের স্বাস্থ্যসেবার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তুলেন,বিনা পয়সায় গ্রামের দরিদ্র নারীদের চিকিৎসা ব্যবস্থা বর্তমান সরকার করেছে কিনা। এছাড়া শিক্ষিত বেকার তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থার বাজেট এই সরকার দিয়েছে কিনা সেই প্রসঙ্গও টানেন তিনি।

বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সিন্ডিকেটের কথা তুলে ধরে তিনি বলেন,আগে হাসিনার সিন্ডিকেট একসাথে হয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে,বাজারে সাপ্লাই কমিয়ে দিয়েছে। যার ফলে জিনিসপত্রের দাম বেড়ে গেছে।

সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন,আজ হাসিনাও নেই,সিন্ডিকেট তো থাকার কথা না। আপনি কি সিন্ডিকেট ভাঙতে পেরেছেন? ভাঙেন নি।

দিবালোক সিংহ বলেন,আমাদের দরিদ্র মানুষের জন্য তার কর্মসংস্থান,তার স্বাস্থ্যসেবা,তার ছেলেমেয়েদের জন্য লেখাপড়ার ব্যবস্থা,তাদের বাসস্থান,বস্ত্রের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহের আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম। এই আয়োজনে উপস্থিত ছিলেন সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার,উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম,উপজেলা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির। এতে নোয়াপাড়া গ্রামের বিভিন্ন শ্রেণীপেশার নাগরিক উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও–২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন  বিএনপির স্বতন্ত্র প্রার্থী তুলা

MD JAMIL HASAN
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও–২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন  বিএনপির স্বতন্ত্র প্রার্থী তুলা

ঠাকুরগাঁও–২ (বালিয়াডাঙ্গী–হরিপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বতন্ত্র প্রার্থী শেষ পর্যন্ত তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচিত এই আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যেই তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মো. জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা জানায়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে বিএনপির জেলা কিংবা কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–২ আসনে বিএনপির প্রার্থী নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল। বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে এ আসনে বিএনপির দলীয় প্রার্থীর ডা. আব্দুস সালাম এর অবস্থান আরও সুসংহত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই সিদ্ধান্ত নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক ঐক্য জোরদার করবে এবং ভোটের হিসাবেও দলটি সুবিধাজনক অবস্থানে যাবে। এই আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকলেন ৭ জন।

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

Oplus_131072

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামী রুক্কু মিয়াকে (৩৮) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৭) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) জেলা জজ মোছা. মরিয়ম-মুন-মুঞ্জুরী এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রুবিনা আক্তার (৩২) জেলার পূর্বধলা উপজেলার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। তার স্বামী নিহত রুক্কু মিয়া একই উপজেলার লেটিরকান্দা গ্রামের শামছুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, রুক্কু মিয়া তিনটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী রুবিনা ছাড়াও পরে নোয়াখালীতে দ্বিতীয় ও গাজীপুরে তৃতীয় বিয়ে করেন। রুক্কুর সঙ্গে ১১ বছরের সংসার জীবনে রুবিনার ৯ বছর ও ৭ বছরের দুইটি মেয়ে রয়েছে। কিন্তু কয়েক বছর ধরে তিনি তাদের ভরণপোষণ দিচ্ছিলেন না। এতে চরম কলহ দেখা দেয়। এই দাম্পত্য কলহের জেরে ২০২১ সালের ১৪ মে, ঈদের দিন সন্ধ্যায় রুক্কু মিয়া শ্বশুরবাড়ি বেড়াতে গেলে রাতের খাবার শেষে ঘুমন্ত অবস্থায় রুবিনা তাকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এই হত্যাকান্ডের ঘটনায় নিহত রুক্কুর ভাই মো. আসান মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। পরে ওই মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছে।

রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF)-এর ১৭তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে চিফ হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইনান্স বিভাগের ২০২০-২১ সেশনের মোসাঈব ইবনে আনোয়ার।

গত ১৫ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মডারেটর মহোদয়।

কমিটিতে সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্যয় সারার শিহাব, রাকিবুল হাসান স্বাধীন, মাফিউল ওয়াহিদ সিহাব, তামিম খান ও সৌকত খান অন্তু।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF) শিক্ষার্থীদের বিতর্ক শেখানোর জন্য কাজ করে আসছে এবং একই সাথে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করে আসছে।