দিনাজপুর জেলা পরিষদে দুদকের অভিযান পরিচালিত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম পাসপোর্ট জেলা পরিষদে ১৪ই আগষ্ট সকাল ১১ টা থেকে দুপুর তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেছে।
অভিযান শুরুতে দুদক কর্মকর্তারা জেলা পরিষদের নথিপত্র পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। পরে তারা জেলা পরিষদের অর্থায়নে চলমান প্রকল্প—দিনাজপুর শিশু পার্ক ও স্টেশন ক্লাবে আড়াই কোটি টাকার কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
অভিযান পরিচালনাকারী দুদকের সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন জানান, ২০২৩-২০২৪ অর্থবছরে জেলা পরিষদে ৯৪ কোটি টাকার ৯৮টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে বেশ কিছু কাজ এখনও চলমান। তবে ২০২৪-২০২৫ অর্থবছরে নতুন কোনো প্রকল্প শুরু হয়নি, যা দৃষ্টিগোচর হয়েছে। তিনি বলেন, “জেলা পরিষদ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে বরাদ্দ ধরে রাখতে পারে। কিন্তু কেন কাজ শুরু হয়নি, সেটি খতিয়ে দেখা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে টেন্ডার প্রক্রিয়া এবং কমিটির মাধ্যমে কাজ যথাযথভাবে হয়েছে কি না, তা যাচাই করা হবে। সংগ্রহকৃত নথি ও সরেজমিন তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন কেন্দ্রে পাঠানো হবে। প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অভিযানে সহকারী পরিচালক খায়রুল বাশারসহ দুদকের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান বলেন, “দুদক আমাদের নথিপত্র পর্যালোচনা করেছেন। জেলা পরিষদ আইন অনুযায়ী এক অর্থবছরের কাজ অন্য অর্থবছরে করার সুযোগ রয়েছে। তাই কোনো সমস্যা হওয়ার কথা নয়।”

