খুঁজুন
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ, ১৪৩২

গলাচিপায় হিমাগার না থাকায় আলু নিয়ে বিপাকে চাষীরা

মোঃ রিয়াজুল ইসলাম | স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৩:০৬ অপরাহ্ণ
গলাচিপায় হিমাগার না থাকায় আলু নিয়ে বিপাকে চাষীরা

আলুর বাম্পার ফলন হলেও হিমাগার না থাকায় সংরক্ষণ নিয়ে ভোগান্তিতে পড়েছেন পটুয়াখালীর গলাচিপা’র চাষিরা। ক্ষেতেই পাইকারদের কাছে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। পাইকার ছাড়া স্থানীয় ক্রেতা নেই, সংরক্ষণের হিমাগার নেই, পাইকাররা সুযোগ নিচ্ছে—ফলে ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। কেউ কেউ আবার আলু জমাট করে রাখতে টাল তৈরি করেছেন, কেউবা গাছ কেটে মাটির নিচে সংরক্ষণ করছেন। কিন্তু তাতেও ভয় কাটছে না। আবহাওয়া প্রতিকূল হলে ক্ষেতেই আলু নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে কৃষি অফিস সূত্রে জানা যায়, গলাচিপায় আলু চাষের যাত্রা শুরু হয় ১৯৯০ সালের দিকে। প্রথম দিকে ভালো ফলন ও লাভজনক হওয়ায় চাষিরা এতে আগ্রহী হয়ে ওঠেন। গলাচিপার মুরাদনগর, বোয়ালিয়া ও চরখালী গ্রামে সবচেয়ে বেশি আলুর চাষ হয়। এ বছর উপজেলায় ৩৭০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার (৩৬৫ হেক্টর) চেয়ে বেশি। প্রতিটি হেক্টর জমিতে ২৮ টন আলু উৎপাদন হয়েছে।

সেলিম নামের স্থানীয় এক কৃষক বলেন, ‘যদি হিমাগার থাকত, তাহলে আমাদের এই দুঃসময় দেখতে হতো না। আলু সেখানে সংরক্ষণ করে ভালো দামে বিক্রি করতে পারতাম।’ মুরাদনগর গ্রামের আবু সালেহ নামের অপর এক কৃষক এ বছর ৪০ কড়া (১ একক) জমিতে আলু চাষ করেছেন। তার ভাষ্য, প্রতি কড়ায় ৫ হাজার ৫০০ টাকা খরচ হলেও ফলন হয়েছে ৮-১০ মণ। প্রথম দিকে পাইকাররা ৬৯০ টাকা মণ দরে কিনলেও এক সপ্তাহের ব্যবধানে দাম নেমে এসেছে ৬০০ টাকায়। একই গ্রামের রেজাউল করিম, শামীম হাং, রহমান হাং ও মিলন মিয়া জানান, দাম না পাওয়ায় অনেক কৃষক ক্ষেতেই আলু রেখে দিয়েছেন।

উত্তর চরখালী গ্রামের মোজাম্মেল হোসেন ৮০ কড়া জমিতে আলু চাষ করেছেন। তিনি বলেন, ‘লাভ তো দূরের কথা, সমান থাকাই দায়। এখনো ক্ষেত থেকেই আলু তুলতে পারিনি।’

অপরদিকে এসব আলুক্ষেতের শ্রমিকের মধ্যে নারীর সংখ্যাই বেশি। মিতু বেগম, লিজা আক্তার, শাহিনুর বেগম ও রিনা বেগম প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কষ্ট করে কাজ করেন। কিন্তু পুরুষদের সমান পরিশ্রম করেও তারা অর্ধেক মজুরি পান।

হিমাগার স্থাপনের বিষয়ে জানতে চাইলে গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার বলেন, আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে অসংখ্যবার এখানকার কৃষকদের দুর্দশার কথা জানিয়েছি। আশা করছি কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিবেন। একটি হিমাগার স্থাপনের জন্য কমপক্ষে ৪০০ হেক্টরের উপরের জমিতে চাষ করে উৎপাদন দেখাতে হয়।

রাবির চৌগাছা উপজেলা সমিতির সভাপতি তানভীর, সম্পাদক জিহাদ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২:৪০ অপরাহ্ণ
রাবির চৌগাছা উপজেলা সমিতির সভাপতি তানভীর, সম্পাদক জিহাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তানভীর রানা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জিহাদ হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) এ কমিটি গঠন করা হয়।

এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রব, আবু সাঈদ, জান্নাতুল ফেরদৌস। যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিদুর রহমান ফাহিম ও মালিহা তাবাসসুম ঐশী। অর্থ সম্পাদক নিশান রহমান, সাংগঠনিক সম্পাদক তানভীর আলম শিশির। সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও শ্রী মিলন কুমার হালদার।

দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন রুহান হোসেন, উপ-দপ্তর সম্পাদক আরিফ হোসেন ও ফাহিম আক্তার, প্রচার সম্পাদক নূর আহাদ রহমান, উপ-প্রচার সম্পাদক ফারজানা ফেরদৌস রৌদ্র, ক্রীড়া সম্পাদক হাসীব শাহ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সানজিদা হক মারিয়া।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হয়েছেন মোঃ জান্নাত ই আয়ান তনয়, নুসরাত জাহান সুরাইয়া, মোঃ সামি, সাব্বির আল মাহফুজ, জুবাইর আহম্মেদ, মোঃ সোহান,
রাইসুল ইসলাম আকাশ, মোঃ ফাহিম হাসান, মারুফ বিল্লাহ কাজল, ফারদিন কবির অয়ন এবং নাজিবা ইসলাম।

রাবির চৌগাছা উপজেলা সমিতির নবীণবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৯:২২ অপরাহ্ণ
রাবির চৌগাছা উপজেলা সমিতির নবীণবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ যশোর জেলার চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এবং ২০২০-২১ সেশনের প্রবীণদের বিদায় দিতে এই আয়োজন করা হয়।

শনিবার (৬ নভেম্বর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধভূমিতে এক জাঁকজোমক আয়োজনে বরণ করে নেওয়া হয় নবীন শিক্ষার্থীদের।

কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ প্রবীণদের হাতে ক্রেস্ট তুলে দেন।

চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমাইয়া খাতুন বলেন, “নবীনবরণ অনুষ্ঠান আমাদের পরিবারের এক মিলনমেলা। এ বছর আমরা সবার আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমে অনেক বড় পরিসরে এই আয়োজন সম্পন্ন করেছি। চৌগাছা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধন ও সহমর্মিতা গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সমিতি সবসময় নবীনদের পাশে থাকবে। আমাদর সিনিয়র ভাই-বোন এবং শিক্ষকদের অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা। তাদের পেয়ে আমরা আনন্দিত। ভবিষ্যতেও সবার সহযোগিতা পেলে আমরা আরও বড় ও সমৃদ্ধ আয়োজন করতে পারব।”

চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আব্দুর সবুর (মাহিম) বলেন, “নবীনবরণ আমাদের জন্য শুধু একটি অনুষ্ঠান নয়, এটি উপজেলা সমিতির শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি উদ্যোগ। এ বছর আমরা সমিতির সদস্যদের সহযোগিতা, সিনিয়রদের দিকনির্দেশনা একটি সফল অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। এটি আমাদের ঐক্যের প্রতিফলন। আমি আশা করি, এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা ভবিষ্যতে আরও বড়, সৃজনশীল ও অনুপ্রেরণামূলক আয়োজন করতে পারব।

নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. শরিফুল ইসলাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বোরাক আলী ও যশোর চৌগাছার এ.বি.সি.ডি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, ড. জহুরুল হক, সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও চৌগাছা হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আশরাফুজ্জামান।

আটোয়ারীতে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা –র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেফতার

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
আটোয়ারীতে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা –র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেফতার

পঞ্চগড়ের আটোয়ারীতে যৌতুকের দাবিতে আমিনা আক্তার রত্না (২০)কে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. আলতাফ হোসেন (৩২)–কে র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

এজাহারে জানা যায়, বিবাহের পর থেকে রত্নাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল আসামিরা। গত ২১ নভেম্বর রাতে স্বামীর বাড়িতে লোহার হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়। পরে বিষয়টি আড়াল করতে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। নিহতের পিতা ২৪ নভেম্বর আটোয়ারী থানায় মামলা (নং–০৮) দায়ের করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। এরপর ২৯ নভেম্বর রাতে র‌্যাব-১৩ ও র‌্যাব-১০ এর যৌথ দল রাজধানীর বকসিবাজার এলাকা থেকে আলতাফকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়, নারী নির্যাতন ও হত্যাসহ সকল অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।